খেলাধুলা

চোট কাটিয়ে ফর্মে তিলক, জগদীশনের শতরানে আমেরিকাকে উড়িয়ে জিতল ভারত ‘এ’

নিজস্ব সংবাদদাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আমেরিকার বিরুদ্ধে বড় জয় পেল ভারত ‘এ’ দল। এই ম্যাচে চোট কাটিয়ে দুর্দান্ত ফর্মে ফিরলেন তিলক বর্মা। ব্যাটে-বলে ও ফিল্ডিং—তিন বিভাগেই নজর কাড়লেন তিনি। পাশাপাশি ওপেনার নারায়ণ জগদীশনের ঝোড়ো শতরানে বিশাল রান তোলে ভারতীয় দল।

বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত ‘এ’। মূলত আইপিএল ক্রিকেটারদের নিয়েই এই দল গড়া হয়েছে। এই ম্যাচে গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের নজর ছিল তিলক বর্মার দিকেই। চোট সারিয়ে প্রথম ম্যাচেই তিনি চিন্তা অনেকটাই কমালেন। ২৪ বলে ৩৮ রান করেন তিলক। হরমীত সিংহ ও নোসথুশ কেনজিগের বলে মারেন একাধিক বড় শট—দু’টি ছয় ও তিনটি চার।

ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও সম্পূর্ণ ফিট দেখিয়েছে তিলককে। পিছনের দিকে দৌড়ে সাইতেজা মুক্কামাল্লার দুর্দান্ত ক্যাচ নেন তিনি। দৌড়নো বা নড়াচড়ায় কোনও অস্বস্তি চোখে পড়েনি। পরে বল হাতেও একটি উইকেট নেন তিলক এবং আরও একটি ক্যাচ তালুবন্দি করেন। বিশ্বকাপে তাঁকে তিন নম্বরে খেলানোর সম্ভাবনা জোরালো। সে ক্ষেত্রে ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে ঈশান কিশনকে দেখা যেতে পারে। বাদ পড়তে পারেন সঞ্জু স্যামসন।

প্রথমে ব্যাট করে ভারত ‘এ’ তোলে ২৩৮/৩। ওপেনার নারায়ণ জগদীশন ৫৫ বলে ১০৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ১১টি চার ও ৪টি ছয়। অধিনায়ক আয়ুষ বাদোনিও ঝোড়ো ২৬ বলে ৬০ রান করে ম্যাচের রং বদলে দেন।

আমেরিকার হয়ে আন্দ্রিয়েস গৌস (৪৪) ও সঞ্জয় কৃষ্ণমূর্তি (৪১) ছাড়া উল্লেখযোগ্য রান কেউ করতে পারেননি। ভারতের হয়ে রবি বিশ্নোই নেন ৩ উইকেট। খলিল আহমেদ ও নমন ধীর নেন দু’টি করে উইকেট।

বিশ্বকাপের আগে এই জয় এবং তিলক বর্মার ফিটনেস ভারতীয় শিবিরে বাড়াল আত্মবিশ্বাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.