খেলাধুলা

প্রস্তুতি ম্যাচে জোরালো বার্তা ভারতের, দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল সূর্যকুমারের দল

নিজস্ব সংবাদদাতা: নামেই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। কার্যত, ভারতের সম্ভাব্য প্রথম একাদশের শক্তি ও সমন্বয় যাচাইয়ের মঞ্চ ছিল বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই লড়াই। সেই পরীক্ষায় সাফল্যের সঙ্গেই উত্তীর্ণ হল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে প্রোটিয়াদের ৩০ রানে হারাল টিম ইন্ডিয়া।

বিশ্বকাপের ঠিক আগে এই ম্যাচে ভারত একাধিক ইতিবাচক দিক তুলে ধরলেও, কয়েকটি দুর্বলতার ইঙ্গিতও স্পষ্ট হয়েছে। পাওয়ার প্লে-তে বোলিং এবং মাঝের ওভারগুলিতে নিয়মিত উইকেট নেওয়া—এই দুই জায়গায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন দলের টিম ম্যানেজমেন্ট।

প্রস্তুতি ম্যাচে ১৫ জন ক্রিকেটারকেই খেলানোর সুযোগ থাকায় ভারত এ দিন একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালায়। ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে ঈশান কিশনকে নামানো হয়। নিউ জ়িল্যান্ড সিরিজ়ে ব্যর্থ সঞ্জু স্যামসনকে খেলানো হয়নি, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—বিশ্বকাপ ভাবনায় আপাতত তিনি নেই।

ঈশান ও অভিষেকের জুটি প্রথম ম্যাচেই নজর কাড়ে। পাওয়ার প্লের মধ্যেই দু’জনে যোগ করেন ৮০ রান। মাত্র ২০ বলে ৫৩ রান করে অবসৃত আউট হন ঈশান। অভিষেক ১৮ বলে করেন ২৪ রান। এরপর ব্যাট হাতে ফের এক বার প্রমাণ দেন তিলক বর্মা। তিনটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৯ বলে ৪৩ রান করে তিনি বুঝিয়ে দেন, ফর্মে ফিরেছেন পুরোপুরি।

চার নম্বরে নেমে সূর্যকুমার যাদব ১৬ বলে ৩০ রান করেন। পাঁচে নেমে অক্ষর পটেল ২৩ বলে অপরাজিত ৩৫ রান যোগ করেন। হার্দিক পাণ্ড্য ১০ বলে ঝোড়ো ৩০ রান করে ইনিংসে গতি আনেন। নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ২৪০/৬।

জবাবে শুরুতেই অর্শদীপ সিংহের বলে জর্জ লিন্ডেকে হারিয়ে ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। তবে এডেন মার্করাম (১৯ বলে ৩৮) ও রায়ান রিকেলটন (২১ বলে ৪৪) ভারতীয় বোলারদের চাপে ফেলে দেন। এই জুটি ভাঙতেই ম্যাচের রাশ ফের ভারতের হাতে চলে আসে।

মার্করাম আরও কিছুক্ষণ থাকলে ম্যাচ অন্য দিকে মোড় নিতে পারত। কিন্তু মিডল অর্ডারে ব্যর্থ হন ডেওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলারেরা। শেষ দিকে জেসন স্মিথ (৩৫), ট্রিস্টান স্টাবস (অপরাজিত ৩৮) ও মার্কো জানসেন (৩১) লড়াই চালালেও ২০০-এর গণ্ডি পার করেও ম্যাচ জেতা সম্ভব হয়নি প্রোটিয়াদের।

ভারতের হয়ে ন’জন বোলার ব্যবহার করেন সূর্যকুমার। সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স অভিষেক শর্মার—তিন ওভারে ৩২ রান দিয়ে নেন দু’টি উইকেট। অর্শদীপ ২৯ রানে একটি উইকেট নেন চার ওভার বল করে। তবে হর্ষিত রানা ও শিবম দুবের বোলিং বিশ্বকাপের আগে চিন্তা বাড়াচ্ছে।

সব মিলিয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচ ভারতীয় শিবিরকে আত্মবিশ্বাস জোগাল। শনিবার আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে দল যে অনেকটাই প্রস্তুত, সে বার্তা স্পষ্ট করেই দিল সূর্যকুমার যাদবের দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.