নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আইসিসি নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গুরুতর জখম হন দুই অধ্যাপক—রাজ্যেশ্বর সিংহ ও ললিত মাধব। সংঘর্ষে আহত হন অন্তত ছয় পড়ুয়াও।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা চলাকালীন সায়েন্স-আর্টস মোড় সংলগ্ন এলাকায় হঠাৎই দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসা দ্রুত হাতাহাতি ও মারধরে গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে যান কয়েকজন শিক্ষক-অধ্যাপক। তখনই আক্রান্ত হন দুই অধ্যাপক।
আহত অধ্যাপক রাজ্যেশ্বর সিংহের চোখে ঘুষির আঘাত লাগে। চশমার কাচ ভেঙে যায়, নাক থেকেও রক্তপাত হয়। তাঁকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যদিকে ললিত মাধব প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পান।
রাজ্যেশ্বর সিংহ জানান, “দু’দলের মধ্যে গোলমাল হচ্ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে গিয়েছিলাম। যাদের মধ্যে বিবাদ চলছিল তারা আমাকে আঘাত করেনি, বাইরে থেকে একজন এসে আচমকা মারধর করে।” তাঁর দাবি, পরবর্তীতে ওই ছাত্ররাই তাঁকে হাসপাতালে পৌঁছে দেয়।
গত কয়েকদিন ধরে আইসিসি নির্বাচন ঘিরে ‘উই দা ইন্ডিপেন্ডেন্ট’ (WTI) ও এসএফআইয়ের মধ্যে মতবিরোধ চলছিল। এসএফআইয়ের অভিযোগ, প্রথম বর্ষের পড়ুয়াদের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। শুক্রবার প্রথম বর্ষের এসএফআই ছাত্রদের ডেকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে WTI-র দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে।
এসএফআইয়ের তরফে দাবি, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র উজান এবং সমাজবিদ্যার ছাত্র রূপম সিকদার এই ঘটনার মূল অভিযুক্ত। যদিও WTI-র পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ঘটনাকে “দুর্ভাগ্যজনক” বলে উল্লেখ করে জানান, “কোনও কারণ ছাড়া দুই পক্ষ অশান্তিতে জড়িয়েছে। সব পক্ষকে নিয়ে আলোচনায় বসে সমাধানের পথ খোঁজা হবে।” তবে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
উল্লেখ্য, ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতীতে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অধ্যাপক নিগ্রহের অভিযোগে এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল বলেই মনে করছেন শিক্ষকমহলের একাংশ। এই ঘটনার জেরে ছাত্র-শিক্ষক সম্পর্কের উপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।







