ফের শহরে বোমাতঙ্ক। এবার এই আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন জেলা। বিভিন্ন বিমানবন্দরে বোমা আতঙ্কের ছবি বহুবার সামনে এসেছে। এবার সেই আতঙ্ক দেখা গেল সোজা বিচার প্রক্রিয়াতে। সম্প্রতি কলকাতা সহ রাজ্যের একাধিক জেলার আদালতে ছড়াল বোমাতঙ্ক। থমকে গেল আদালতের কাজ।
প্রশাসন সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবারও তুমুল ব্যস্ততার সঙ্গে চলছিল কলকাতা সহ বিভিন্ন জেলার আদালতের কাজ। তবে আচমকা ঠিক সকাল ৯:০০টা থেকে ৯:৩০র মধ্যে তাল কাটল। সিটি সেশন কোর্টের প্রধান বিচারপতির কাছে আদালত চত্বরে বোমা রাখার ইমেল আসে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় কলকাতা পুলিশে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বিশাল বাহিনী থেকে শুরু করে বম্ব স্কোয়াডের আধিকারিকেরা। তারপরেই এই বোমাতঙ্কে কোর্টরুম থেকে বেরিয়ে আসে সমস্ত আইনজীবীরা।
এই বোমা রাখা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে কলকাতার নগর দায়রা আদালত থেকে শুরু করে আসানসোল আদালত, দুর্গাপুর আদালত, চুঁচুড়া আদালত সহ বহরমপুরে জেলা দেওয়ানি ও দায়রা আদালতে। এই সমস্ত আদালতের কিছু জায়গায় ইমেল আবার কিছু উড়ো ফোনের মাধ্যমে হুমকি আসে। খবর পাওয়া মাত্রই স্নিফার ডগ নিয়ে তল্লাশি শুরু হয় পুলিশের। তবে এখনো পর্যন্ত তল্লাশি থেকে কোনো রকম সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তাই সম্পূর্ণ তল্লাশির পর চালু হয় আদালতের বিচার প্রক্রিয়ার কাজ। তবে পুলিশের পক্ষ থেকে জারি রয়েছে তদন্ত। কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে এই বোমাতঙ্ক ছড়াল সেই বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।







