খেলাধুলা

প্রতিশোধের আগুনে জ্বলছে যুবভারতী, ফাইনালের লক্ষ্যে জামশেদপুরকে হারাতে মরিয়া মোহনবাগান

মাঠে লড়াইয়ের আগে আগুন জ্বলে উঠেছে গ্যালারিতে। কলকাতার হৃদয়ে আজ যেন যুদ্ধের দামামা। আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় পর্বে আজ সোমবার যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও জামশেদপুর এফসি। প্রথম পর্বে হারের ক্ষত ভুলে ‘ঘরের মাঠে’ দাপট দেখিয়ে বদলা নিতে মুখিয়ে দিমিত্রি পেত্রাতোসরা। শুধু খেলার বদলা নয়, পাঁচ সমর্থকের ওপর হামলার প্রতিশোধের আবহেও টগবগ করছে বাগান শিবির।

গত ৩ এপ্রিল জামশেদপুরে প্রথম লেগে ২-১ ব্যবধানে হারে মোহনবাগান। আজ ফাইনালে উঠতে হলে তাদের জিততেই হবে অন্তত দু’গোলে। এক গোলে জয় পেলে খেলা গড়াবে অতিরিক্ত সময় ও টাইব্রেকারে। যদিও ঘরের মাঠ, গ্যালারি ভর্তি সমর্থক ও তরতাজা আত্মবিশ্বাসেই ঘুরে দাঁড়াতে মরিয়া মোলিনার ছেলেরা। দলের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার ম্যাকলারেন ও মিডফিল্ডার আপুইয়া সম্পূর্ণ ফিট। তবে মনবীরের না খেলার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

অন্যদিকে জামশেদপুর এফসি খেলবে তাদের সেরা তিন তারকা স্টিফেন এজে, আশুতোষ মেহতা ও মোবাসির রহমানকে ছাড়া। স্টিফেন ও আশুতোষ কার্ড সমস্যায় ছিটকে গেছেন। যদিও তাঁদের জায়গায় প্রতীক ও চোট কাটিয়ে ফেরা লাজার স্কোয়াডে এসেছেন। তবে অভিজ্ঞতার অভাব টের পেতে পারে জামশেদপুর।

এই ম্যাচ শুধু সেমিফাইনাল নয়, আবেগ, সম্মান ও প্রতিশোধের যুদ্ধ। বাগান সমর্থকদের উপর জামশেদপুরে পুলিশি হামলার পরিপ্রেক্ষিতে বাড়তি উত্তেজনা থাকছেই। পাঁচ আক্রান্ত সমর্থককে ক্লাবের তরফে গোলাপ ফুল ও ভিআইপি টিকিট দিয়ে সম্মান জানানো হয়েছে। সবমিলিয়ে সল্টলেক স্টেডিয়াম আজ প্রস্তুত এক ইতিহাস গড়ার সাক্ষী হতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.