মহারাষ্ট্রের পুণের হিনজেওয়াড়ি আইটি হাবে বড়সড় প্রতারণার অভিযোগ সামনে এসেছে। ‘থিঙ্ক টেক ইন্ডিয়া ওপিসি প্রাইভেট লিমিটেড’ নামে একটি তথ্যপ্রযুক্তি সংস্থা হঠাৎ অফিস বন্ধ করে দেওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন ৭০০-রও বেশি কর্মী ও ইন্টার্ন। বকেয়া বেতন, স্টাইপেন্ড এবং কোনও আগাম নোটিশ ছাড়াই সংস্থার কার্যক্রম গুটিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
কর্মীদের লিখিত অভিযোগের ভিত্তিতে সংস্থার সিইও হর্ষল ঠাকরেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে জালিয়াতি-সহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হয়েছে। সংস্থার এক এইচআর ম্যানেজারের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ, বহু কর্মীর এক থেকে তিন মাসের বেতন বাকি রয়েছে। পাশাপাশি ল্যাপটপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কর্মীদের কাছ থেকে ১৫ হাজার টাকা করে নেওয়া হয়েছিল। গত ২২ এপ্রিল কর্মীরা অফিসে এসে দেখেন দরজায় তালা ঝুলছে। পরে জানা যায়, ভাড়া ও রক্ষণাবেক্ষণের বকেয়া না মেটানোয় বাড়িওয়ালা অফিসটি সিল করে দিয়েছেন।
তথ্যপ্রযুক্তি কর্মীদের সংগঠন ‘ফোরাম ফর আইটি এমপ্লয়িজ’-এর দাবি, চলতি বছরের জানুয়ারি থেকেই বেতন দেওয়া বন্ধ করে দেয় সংস্থা। এখন পুণে শাখার আর্থিক লেনদেন খতিয়ে দেখে প্রতারণার পরিমাণ নির্ধারণের চেষ্টা করছে পুলিশ।







