মধ্যমগ্রাম: পুকুর ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে হেনস্থার শিকার হলেন মধ্যমগ্রাম পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সনত বিশ্বাস। অভিযোগ, শাসকদলের ঘনিষ্ঠ প্রোমোটার সন্তোষ হালদার এবং তার ছেলে রাজ হালদার তাকে প্রকাশ্যে হুমকি এবং মারধরের চেষ্টা করে।
সনত বিশ্বাস জানান, মধ্যমগ্রামের একাধিক এলাকায় রাতের অন্ধকারে পুকুর ভরাট চলছে পুরসভার মদতে। বিশেষ করে মেঠোপাড়া এলাকায় বর্তমান কাউন্সিলর সুমিতা ঘোষের বাড়ির ৫০ ফুটের মধ্যে দু’টি পুকুর ভরাটের কাজ চলছে বলে তিনি দাবি করেন। তার কথায়, “আমি প্রশাসনিক দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি।”
শনিবার সকালে বাড়ি ফেরার পথে রাস্তায় একা পেয়ে প্রোমোটার সন্তোষ ও রাজ হালদার তার ওপর চড়াও হয় বলে অভিযোগ। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন। ঘটনার পর তিনি মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে, পুকুর ভরাটের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পুরপ্রধান নিমাই ঘোষ। তাঁর বক্তব্য, “পুরসভায় এখনো পর্যন্ত এমন কোনও অভিযোগ আসেনি। অভিযোগ এলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।”
ঘটনাকে ঘিরে পুরসভার ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের পক্ষ থেকে আরও সচেতন হওয়ার বার্তা দিচ্ছেন বহু বাসিন্দা।







