নিউটাউন আকন্দ কিশোরী এলাকায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল গোটা শহর। গাছের আম পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিবাদ গড়াল খুন পর্যন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে সুশান্ত রায় নামে এক ব্যক্তি পাশের জমিতে থাকা দাদা প্রশান্ত রায়ের একটি আম গাছ থেকে কিছু আম পাড়েন। এই নিয়েই শুরু হয় বচসা।
বিবাদ চরমে পৌঁছলে প্রশান্ত রায় রেগে গিয়ে সুশান্ত রায়ের মাথায় একটি ভারী বস্তু দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুশান্ত। পরিবারের লোকজন তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টেকনো সিটি থানার পুলিশ। অভিযুক্ত দাদা প্রশান্ত রায়কে আটক করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এই মর্মান্তিক ঘটনায় হতবাক গোটা এলাকা। প্রতিবেশীরা জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত মনোমালিন্য চলছিল। তবে গাছের আম নিয়ে এমন ভয়ঙ্কর পরিণতি কেউ কল্পনাও করতে পারেননি।
ঘটনার পর থেকে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার আধিকারিকরা।







