মনোনয়ন পর্ব থেকেই পঞ্চায়েত নির্বাচনে আরম্ভ অশান্তির রোল। হিংসা পর্বের পরবর্তীতে ভাঙড় ও ক্যানিং পরিদর্শনে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে খোলা হয় কন্ট্রোল রুমও। এদিন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের উবাচ, ‘গোলমাল হলে ফোন করে মানুষ জানাচ্ছে। বহু প্রার্থী ঘর ছাড়া, গ্রাম ছাড়া, অন্যত্র আছেন। তাদের হুমকি দেওয়া হচ্ছে। এক প্রার্থীর আত্মীয় খুন হয়েছে। অনেকেই ভাবছে, সেন্ট্রাল ফোর্স এলে হয়তো এই ভয় কাটবে।’
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমার সময় থেকেই অশান্তির অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। মনোনয়ন পর্ব মিটলেও অশান্তি বন্ধের কোনও প্রবণতা নেই। বিভিন্ন জেলাতে প্রার্থী পদ প্রত্যাহারের জন্য বিরোধীদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। কখনও হুমকি, কখনও বিরোধীদের মারধরে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ফোন করে সিপিএম প্রার্থীকে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে।
দিলীপের সংযোজন, ‘রাজ্য সরকার বা তৃণমূল চাইছে না বাহিনী আসুক। তাই এই কোর্ট, এই বেঞ্চ করে সময় কাটিয়ে দিতে চাইছে। যদি বাহিনী এসে ভোট নিয়ন্ত্রণ করে, যেভাবে বিরোধীরা উৎসাহে মনোনয়ন দিয়েছেন, সেভাবেই জিতে বেরিয়ে যাবেন। তাই তারা জান-প্রাণ লাগিয়ে কেন্দ্রীয় বাহিনীর আসা আটকাতে চাইছেন’।







