খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের দিনেই আইপিএল শুরুর দিন ঘোষণা, প্রথম ম্যাচে খেলতে পারেন বিরাটরা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দিনেই বড় ঘোষণা করা হল এবারের আইপিএল নিয়ে। সম্প্রচারকারী সংস্থা জানিয়ে দিয়েছে, ১৯তম আইপিএলের পর্দা উঠবে ২৮ মার্চ। যদিও এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি বিসিসিআই। ফলে উদ্বোধনী ম্যাচ কোথায় হবে বা প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাঠে নামবে কি না—তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিকভাবে ২৬ মার্চ থেকে ভারতের এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু সূচিতে পরিবর্তন এনে তা দু’দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এদিনই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। সেই ম্যাচের প্রায় ২০ দিন পর শুরু হবে আইপিএলের লড়াই। টুর্নামেন্টের ফাইনাল নির্ধারিত হয়েছে ৩১ মে।

যদিও সম্পূর্ণ সূচি এখনও ঘোষণা করা হয়নি, তবে জানা গিয়েছে ফাইনাল ম্যাচ হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। পাশাপাশি প্লে-অফের একটি ম্যাচও আয়োজন করা হবে সেখানেই। ফলে এক বছর আগের মর্মান্তিক ঘটনার পর আবারও জমজমাট ক্রিকেটের সাক্ষী হতে চলেছে এই মাঠ। উল্লেখ্য, আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর উদযাপনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে আরসিবির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবারের আইপিএলে তাদের সাতটি হোম ম্যাচের মধ্যে পাঁচটি হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ আয়োজিত হবে ছত্তিশগড়ের বীর বাহাদুর সিং স্টেডিয়ামে। অর্থাৎ চিন্নাস্বামীতে অন্তত পাঁচটি ম্যাচ নিশ্চিত। তবে উদ্বোধনী ম্যাচে কোন দুই দল মুখোমুখি হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সূত্রের খবর, সূচি তৈরি করতে বেশ সমস্যার মুখে পড়েছে বিসিসিআই। মার্চ থেকে মে—এই সময়ের মধ্যেই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে ভোট হওয়ার কথা। এর মধ্যে পশ্চিমবঙ্গের দল কলকাতা নাইট রাইডার্স এবং তামিলনাড়ুর দল চেন্নাই সুপার কিংস আইপিএলে অংশ নেয়। এখনও পর্যন্ত নির্বাচনের নির্দিষ্ট দিন ঘোষণা হয়নি। সেই কারণেই সূচি প্রকাশে জটিলতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিসিসিআইয়ের প্রাথমিক পরিকল্পনা ছিল দুই ধাপে সূচি প্রকাশ করার। প্রথমে আংশিক সূচি ঘোষণা করে অনিশ্চয়তা কিছুটা কাটানো, তারপর নির্বাচনের তারিখ ঘোষণার পর পরিস্থিতি অনুযায়ী পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা—যেমনটি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় করা হয়েছিল। তবে এখনও পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.