আবহাওয়া

ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্তের প্রভাব, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা জিইয়ে রাখল আবহাওয়া দফতর। ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের আবহাওয়া অস্থির হয়ে উঠেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

তবে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে আবহাওয়া তুলনামূলকভাবে শুকনো থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পর আবার রবিবার ও সোমবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় গোটা সপ্তাহ জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কিন্তু কমছে না। বরং গরমের প্রভাব ধীরে ধীরে বাড়ছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বাগডোগরায়, যেখানে পারদ উঠেছে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা গেছে পুরুলিয়ায়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াসে।

অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে সবচেয়ে কম পারদ নেমেছে দার্জিলিংয়ে। পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতল অঞ্চলের মধ্যে আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বহরমপুরে, যেখানে পারদ নেমেছে ২০.২ ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে কয়েকটি জেলায় এখনও কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে। বুধবার সকালে দার্জিলিং, কোচবিহার, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু এলাকায় হালকা কুয়াশা লক্ষ্য করা গেছে। ফলে দৃশ্যমানতা অনেক জায়গায় ৫০০ থেকে ১০০০ মিটারের মধ্যে নেমে আসে।

পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকায় ইতিমধ্যেই সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের মতে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আশপাশের বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে আগামী কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.