দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার পর অবশেষে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের শেষ ধাপে পৌঁছেছেন বহু চাকরিপ্রার্থী। কিন্তু আশ্চর্যজনক ভাবে, সুপারিশপত্র (রেকমেন্ডেশন লেটার) বিতরণ শুরু হতেই দেখা গেল উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী উপস্থিতই হচ্ছেন না। এই পরিস্থিতি শিক্ষা মহলে নতুন করে প্রশ্ন তুলেছে—শিক্ষকতার মতো সম্মানজনক সরকারি চাকরির প্রতিও কি আগ্রহ কমে যাচ্ছে?
উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০১৪ সালে। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১৫ সালে এবং ফল প্রকাশিত হয় ২০১৬ সালে। এরপর বিভিন্ন আইনি জটিলতা ও প্রশাসনিক কারণে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন আটকে থাকে। অবশেষে প্রায় আট বছর পর, ২০২৪ সালের অক্টোবরে কাউন্সেলিং শুরু হয়। আদালতের নির্দেশে ২০২৪ থেকে ২০২৫ সালের অগস্ট পর্যন্ত মোট আট দফায় কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া এগোয়। তবুও সব শূন্যপদ পূরণ করা সম্ভব হয়নি।
আদালতের নির্দেশ অনুযায়ী মোট ১৪,০৫২ জনকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও, এখনও পর্যন্ত ১২,৭২৩ জন চাকরিতে যোগ দিয়েছেন। ফলে ১,২৪১টি পদ খালি থেকে যায়। গত ২১ মে কলকাতা হাই কোর্টে স্কুলশিক্ষা দফতর জানায়, বর্তমানে ১,১৭৭টি শূন্যপদ রয়েছে। আদালত ২২ জুনের মধ্যে ওই পদগুলির কাউন্সেলিং শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেও, সরকারি পক্ষ অতিরিক্ত সময় চাওয়ায় পরবর্তী শুনানির দিন ধার্য হয় ৮ জুলাই। তার আগেই স্কুল সার্ভিস কমিশন নতুন কাউন্সেলিংয়ের সূচি ঘোষণা করে।
হাই কোর্টের নির্দেশ মেনে ১,১৭৭টি শূন্যপদের জন্য গত মঙ্গলবার থেকে কাউন্সেলিং শুরু হয়েছে, যা চলবে ৩০ জুলাই পর্যন্ত। তবে প্রথম দু’দিনের উপস্থিতির হারই উদ্বেগ বাড়িয়েছে। এসএসসি সূত্রে জানা গিয়েছে, ২১ জুলাই মোট ৭৭ জনকে ডাকা হলেও সুপারিশপত্র সংগ্রহ করেন মাত্র ৫৮ জন। একজন উপস্থিত থাকলেও সুপারিশপত্র নেননি। ওই দিন বাংলা, হিন্দি ও নেপালি মাধ্যমের ইংরেজি বিষয়ের প্রার্থীদের ডাকা হয়েছিল।
পরদিন, ২২ জুলাই বাংলা মাধ্যমের বায়োলজি ও পিওর সায়েন্স বিষয়ের জন্য ৮২ জনকে ডাকা হয়। উপস্থিত হন ৫২ জন। তাঁদের মধ্যেও দু’জন কাউন্সেলিংয়ের পর সুপারিশপত্র নিতে অস্বীকার করেন। ফলে ওই দিন সুপারিশপত্র পান ৫০ জন। ২৩ জুলাই বাংলা ও উর্দু মাধ্যমের আরবি, উর্দু এবং সংস্কৃত বিষয়ের প্রার্থীদের কাউন্সেলিং চলছে। সব মিলিয়ে প্রথম দু’দিনেই ৪১ জন অনুপস্থিত ছিলেন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ২৫ শতাংশেরও বেশি অনুপস্থিতির হারকে যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন শিক্ষা বিশেষজ্ঞরা।
শিক্ষামহলের একাংশের মতে, দীর্ঘ এক দশকেরও বেশি সময় অপেক্ষা করতে গিয়ে বহু প্রার্থী ইতিমধ্যেই অন্য পেশায় স্থায়ী হয়েছেন। তাই নতুন করে শিক্ষকতার চাকরিতে যোগ দেওয়ার আগ্রহ অনেকেরই কমে গিয়েছে। ২০১৬ সালের প্যানেল ঘিরে দীর্ঘ অনিশ্চয়তা এবং আইনি জটিলতাও প্রার্থীদের আস্থায় বড় ধাক্কা দিয়েছে।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, দুর্নীতি এবং দীর্ঘসূত্রিতার কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর মানুষের বিশ্বাস নষ্ট হয়েছে। তাঁর মতে, এমন সময় এসেছে যখন শিক্ষকতার চাকরিও অনেকেই ফিরিয়ে দিচ্ছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদারের বক্তব্য, একসময় অনেকেই অন্যান্য আকর্ষণীয় চাকরি ছেড়ে শুধুমাত্র শিক্ষকতার প্রতি ভালোবাসা থেকে এই পেশা বেছে নিতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়ার অনিশ্চয়তার কারণে শিক্ষকতার চাকরিকেও আর নিরাপদ বলে মনে করছেন না অনেকেই।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষের বক্তব্য, নিজেদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেতে ১২ বছর অপেক্ষা করতে হওয়াই বহু প্রার্থীর অনুপস্থিতির অন্যতম প্রধান কারণ।
এদিকে, যেসব পদ এখনও শূন্য রয়েছে, সেগুলি কীভাবে দ্রুত পূরণ করা যায় তা নিয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।







