ক্রাইম

মঙ্গলকোটে চাঞ্চল্য, জমি থেকে বস্তাবন্দি মহিলার দেহ উদ্ধার

মঙ্গলকোট: সাতসকালেই জমি থেকে উদ্ধার বস্তাবন্দি এক মহিলার দেহ। গলার নলি কাটা এবং মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ঘিরে মঙ্গলকোটের খুদরুন গ্রামে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। মৃতার নাম অপর্ণা দাস (৩২)। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অপর্ণার স্বামী ও ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে একাই থাকতেন তিনি। পরিবারের অভিযোগ, এলাকার এক ব্যক্তির সঙ্গে অপর্ণার বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই শনিবার গভীর রাতে তাঁর বাড়িতে ঢুকে অপর্ণাকে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। তাঁদের আরও দাবি, ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন।

পরিবারের অভিযোগ, গলার নলি কেটে খুনের পর দেহ বস্তায় ভরে অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। রবিবার সকালে জমির কাছে বস্তাবন্দি অবস্থায় দেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মঙ্গলকোট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃতার বাড়ি এবং দেহ উদ্ধারের স্থান ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের নেপথ্যে সত্যিই বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.