নিজস্ব প্রতিবেদন: মাত্র দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা। অথচ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ক্লিনিক চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু রোগী দেখাই নয়, সেখানে বেআইনিভাবে গর্ভপাত করানোরও অভিযোগ রয়েছে। গুরুগ্রামের সেক্টর-৬৫ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কমল মাহাতো (২৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা কমল বর্তমানে গুরুগ্রামের ঘাটা গ্রামে থাকতেন। সেখানেই তিনি ‘কমল ক্লিনিক’ নামে একটি চিকিৎসাকেন্দ্র পরিচালনা করছিলেন। অভিযোগ, কোনও স্বীকৃত চিকিৎসা ডিগ্রি ছাড়াই তিনি রোগীদের চিকিৎসা করতেন এবং গর্ভবতী মহিলাদের অবৈধভাবে গর্ভপাত করানোর ব্যবস্থা করতেন।
এই অভিযোগের ভিত্তিতে PCPNDT আইনের নোডাল অফিসারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এরপর অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ এক গর্ভবতী মহিলাকে ছদ্মবেশে ক্লিনিকে পাঠায়। তদন্তে দেখা যায়, গর্ভপাত করানোর জন্য অভিযুক্ত ওই মহিলার কাছ থেকে ১,২০০ টাকা নেন। পাশাপাশি একটি মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি (MTP) কিট দিয়ে সেটি ব্যবহারের নির্দেশনাও দেন।
পূর্বনির্ধারিত সংকেত পাওয়ার পরই ক্লিনিকে হানা দেয় পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় এমটিপি কিট, বিপুল পরিমাণ ওষুধ এবং চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় কমল মাহাতোকে।
প্রাথমিক জেরায় অভিযুক্ত স্বীকার করেছেন, তিনি শুধুমাত্র দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং তাঁর কোনও বৈধ ডাক্তারি ডিগ্রি নেই। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, তাঁর ক্লিনিকটি Medical Termination of Pregnancy (MTP) Act অনুযায়ী নিবন্ধিত ছিল না। এছাড়া রোগীদের চিকিৎসার নথি বা ওষুধ কেনাবেচার কোনও বৈধ রেকর্ডও তিনি দেখাতে পারেননি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি কতদিন ধরে এই বেআইনি কার্যকলাপ চালিয়ে আসছিলেন, তাঁর সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং কতজন মহিলার অবৈধ গর্ভপাত সেখানে হয়েছে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।






