পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার পালিতপুর ক্যানেলপাড় এলাকায় আদিবাসী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, তাঁকে গণধর্ষণের পর খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ফরেন্সিক বিশেষজ্ঞ দলও তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পালিতপুর ক্যানেল সংলগ্ন একটি মাঠ থেকে ২৮ বছর বয়সি রানী হেমরমের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দীর্ঘদিন ধরে তিনি বাপের বাড়ি পালিতপুরেই থাকতেন। পরিবারের দাবি, মঙ্গলবার বিকেলে স্বামীকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘক্ষণ তাঁর কোনও খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ক্যানেল সংলগ্ন এলাকায় তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ, খুন ও তথ্যপ্রমাণ নষ্টের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়।
তদন্তের অগ্রগতিতে পুলিশ সেখ আজিজুল ও সেখ ভদাই নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। একজনকে দেওয়ানদিঘি এলাকা থেকে এবং অন্যজনকে বীরভূমের নানুর এলাকা থেকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
বুধবার ঘটনাস্থলে পৌঁছয় পাঁচ সদস্যের ফরেন্সিক দল। তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট, ফরেন্সিক তথ্য ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।







