ফুটবল কেবল পুরুষদের খেলা নয়, প্রমাণ করে চলেছেন লাল-হলুদের মহিলা যোদ্ধারা। ইন্ডিয়ান ওমেনস লিগের পর এবার কন্যাশ্রী কাপও জিতে নিল ইস্টবেঙ্গল। হাড্ডাহাড্ডি ফাইনালে শ্রীভূমিকে টাইব্রেকারে হারিয়ে মহিলা ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠিত করল তারা। ইস্টবেঙ্গলের ইতিহাসে এই দ্বিমুকুট জয় নিঃসন্দেহে এক নতুন অধ্যায়।
মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে আইএফএ আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল রূপ নেয় নাটকীয় সংঘর্ষে। দুই দলের ফুটবলারদের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই সুলন জানা গোল করে লাল-হলুদ শিবিরকে এগিয়ে দেন। কিন্তু দমে যায়নি শ্রীভূমি। দ্রুত সমতা ফেরায় তারা। নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই চূড়ান্ত দক্ষতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় ইস্টবেঙ্গল মহিলা দল।
তবে এই জয় সহজ ছিল না। ফাইনালের তারিখ নিয়ে আইএফএর সঙ্গে সংঘাতে জড়ায় ইস্টবেঙ্গল ক্লাব। তারা জুনের দ্বিতীয় সপ্তাহে ফাইনাল চেয়েছিল, কিন্তু তাদের অনুরোধ অগ্রাহ্য হয়। বাধ্য হয়ে নির্ধারিত দিনেই খেলতে নামে তারা — এবং সেই প্রতিকূলতার মধ্যেই জয় এনে দেয় দল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও দমকলমন্ত্রী সুজিত বসু। দ্বিমুকুট জয় করে মহিলা ফুটবলে এক ঐতিহাসিক বার্তা দিয়ে রাখল লাল-হলুদের মেয়েরা।







