মাথাভাঙ্গার ছাট খাটেরবাড়ি এলাকায় রাজনৈতিক উত্তেজনা। ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় প্রক্রিয়া (SIR) চলাকালীন বিজেপির এক বি.এল.এ (Booth Level Agent)–এর উপর চাঞ্চল্যকর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি এলাকায়।
অভিযোগ অনুযায়ী, বিজেপির বি.এল.এ-২ ওই গ্রামে কাজ করতে গেলে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে প্রথমে মারধর করে এবং পরে জুতোর মালা পরিয়ে গ্রাম জুড়ে ঘোরায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বিজেপির সক্রিয় ভূমিকা এবং বিরোধী রাজনীতিতে অংশগ্রহণই এই হামলার মূল কারণ। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, বিজেপি রাজনৈতিকভাবে লাভ তুলতে ঘটনাটি নাটকীয়ভাবে সাজিয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠছে— ভোটার তালিকা সংশোধনের মতো প্রশাসনিক কাজে কি রাজনৈতিক প্রতিহিংসার ছায়া পড়ছে?
ঘটনার পর থেকেই মাথাভাঙ্গা ও আশেপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের দাবি, এই ধরনের অপমানজনক ঘটনা গণতন্ত্রে কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।






