এবারে পূজোয় বক্স অফিস জমজমাট। বাংলা তরফ থেকে চারটি সিনেমা উপহার দিচ্ছে দর্শকদের। আর সেই প্রতিযোগিতার দৌড়ে নাম লিখিয়েছে অভিনেতা দেব। পুজোর সময় স্বাধীনতা সংগ্রামের এক চরিত্র নিয়ে বড়পর্দায় ফিরছেন তিনি। করোনা পরবর্তী সময়েও অভিনেতা টনিক, প্রজাপতির মতো সিনেমা দিয়ে দর্শককে হলমুখী করেছেন। শেষ সিনেমা ব্যোমকেশ সেইভাবে বক্স অফিসে দাপট জমাতে পারেনি। তাই এবার পাখির চোখ বাঘাযতীন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ও দায়িত্ব সামলাচ্ছেন অভিনেতা দেব।
শুধু বাংলায় নয় গোটা দেশ জুড়ে বাঘাযতীন রিলিজ করছে। তৃণমূলের তারকা সাংসদ ছবির প্রচারে কদিন আগে মুম্বইতেও গিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীন এর নাম নিলেই বাঙ্গালীদের মনে দুটো বিষয় মাথায় আসে। এক হল খালি হাতে বাঘের সঙ্গে যুদ্ধ করা আর দুই হল বুড়িবালামের যুদ্ধ। এই ছবিতে পরিচালক অরুণ রায়, তাঁর বাইরেও যে তাঁর অবদান কতটা ,তাই তুলে ধরেছেন।
দেব আরও বলেন, ‘এটা আমাদের জন্য শুধু একটা সিনেমা নয়। একটা আবেগ। গত আড়াই বছর ধরে আমরা এই সিনেমাটার মধ্যেই কাটিয়েছি। আমি একা নই, আমার পুরো টিম। আমি চাই বাঘা যতীন নিয়ে গর্ব করুক সব বাঙালি’।
পুজোর ছবি হিসেবে দেবের বাঘাযতীন এর সঙ্গে টেক্কা দেবে প্রসেনজিতের দশম অবতার। এছাড়াও লিস্টে রয়েছে রক্তবীজ।যা পরিচালনা করেছেন নন্দিতা আর শিবপ্রসাদ। মুখ্য ভূমিকাতে রয়েছে আবির ও মিমি।এছাড়াও রয়েছে কোয়েলের ‘জঙ্গলে মিতিন মাসি’।







