বিনোদন

২৫ বছর পর ফের বড়োপর্দায় মুক্তি পাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’

পঁচিশ বছর পর আবারও বড়ো পর্দায় মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। ২০০০ সালে মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত এই ছবি। ২০২৪-এর শুরু থেকেই ভারতীয় চলচ্চিত্রের পুরোনো ব্লকবাস্টার ছবি নতুন করে রিলিজ করার চল শুরু হয়েছিল। সেই পথেই এবার হাঁটতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের ব্লকবাস্টার ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’।

নব্বই দশকের বাংলা চলচ্চিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত শুধু একটা নাম নয়, তাঁরা ছিলেন ব্র্যান্ড। বহু চর্চিত জুটি সেই সময় উপস্থিত থাকলেও প্রসেনজিৎ-ঋতুপর্ণার মাহাত্ম্যই ছিল আলাদা। দশ বছরে একের পর এক হিট ছবি উপহার দেন বাংলার দর্শককে। আর তারপরই ২০০০ সালে তৈরি হয় সেই ব্লকবাস্টার সিনেমা, যার কালজয়ী গান ‘চোখ তুলে দেখো না কে এসেছে’ রাতারাতি সাড়া ফেলে দেয় দর্শকমহলে। শুধু প্রসেনজিৎ-ঋতুপর্ণাই নয়, অনামিকা সাহার দুর্দান্ত অভিনয় ছবিটিকে অন্য মাত্রা দিয়েছিল। কথা হচ্ছে হরনাথ চক্রবর্তী পরিচালিত প্রসেনজিৎ-ঋতুপর্ণার সুপারহিট ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর। ২০০০ সালে বাংলা সিনেমার সর্বোচ্চ উপার্জিত ছবি ছিল এটি।

পুনরায় মুক্তির খবর পেয়ে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। প্রসেনজিৎ জানিয়েছেন,”আমার কাছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ শুধু একটি সিনেমা নয়, এটা ছিল বাংলা বাণিজ্যিক ছবির একটা টার্নিং পয়েন্ট। ২৫ বছর পর এই ছবিকে ফের প্রেক্ষাগৃহে ফিরতে দেখায় যতটা আবেগপ্রবণ, ততটাই রোমাঞ্চিত আমি। জুটি হিসেবে ঋতুপর্ণা এবং আমার জন্য একটি দারুণ যাত্রার সূচনা করেছিল এই ছবি। আশা করি, নতুন প্রজন্মও সেই ম্যাজিকটা উপভোগ করতে পারবে।” ঋতুপর্ণা-কে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,”‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি আমার জীবন বদলে দিয়েছে।
এই ছবিটি দর্শকদের সঙ্গে যেরকম সংযোগস্থাপন করতে পেরেছিল, এবং দর্শকরাও যেভাবে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন, সেটা সত্যিই বড় প্রাপ্তি ছিল। বড়পর্দায় আবারও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর মুক্তি পাওয়াটা বাংলা সিনেমার একটি সুন্দর অধ্যায়ের ফিরিয়ে আনার মতো। যা কিনা রং-রোমান্সে পরিপূর্ণ।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.