বিনোদন

ধর্ম-জাত বিভাজনে জর্জরিত প্রেম! ‘ধড়ক ২’ ট্রেলারে ভিন্ন স্বরে করণ জোহরের চমক

ভারতের প্রেমের গল্পে আজও সামাজিক বিভাজনের গেরো অটুট। লাভ জেহাদ, জাতপাত, শ্রেণিবৈষম্যের মতো বিষয়ে একের পর এক জুটির প্রেম হয় বলি। সেই কঠিন বাস্তবকে এবার রূপোলি পর্দায় ফুটিয়ে তুললেন করণ জোহর, তাঁর আসন্ন ছবি ‘ধড়ক ২’-এর মাধ্যমে। ২০২৪ সালের মে মাসে এই ছবির ঘোষণা করেছিলেন প্রযোজক-পরিচালক। অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ট্রেলার। ‘ধড়ক’ সিরিজের প্রথম কিস্তিতে বলিউডে পা রাখেন দুই স্টারকিড জাহ্নবী কাপুর ও ঈশান খট্টর। তবে এবার করণ ভাঙলেন নিজেরই গড়া স্বজনপোষণের ধারা। পরের কিস্তিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দুই আউটসাইডার তৃপ্তি ডিমরি ও সিদ্ধান্ত চতুর্বেদীকে।

সমাজের রক্ষণশীল রীতিনীতি, শ্রেণিবৈষম্য এবং জাতপাতের কঠিন দেয়ালকে পেছনে ফেলে গড়ে ওঠা এক নিষ্পাপ প্রেমের কাহিনি তুলে ধরেছেন পরিচালক। বিধির চরিত্রে তৃপ্তি, এক সম্ভ্রান্ত ঘরের মেয়ে। সে প্রেমে পড়ে সাধারণ পরিবারের ছেলে নীলেশের, যাঁর ভূমিকায় সিদ্ধান্ত। তবে তাদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় সমাজের চোখরাঙানি, বিধির পরিবারের শ্রেণিগত অহং এবং নীলেশের নিম্নবর্ণ পরিচয়। এমনকী তাঁর প্রাণনাশের চেষ্টা পর্যন্ত করে বিধির পরিবার।

ট্রেলারে একদিকে উঠে এসেছে একান্ত ভালোবাসা, অন্যদিকে সমাজের নির্মম নিষ্ঠুরতা। এই সম্পর্ক আদৌ বিয়ের পরিণতি পাবে, নাকি সমাজের বাধায় চূড়ান্ত ট্র্যাজেডির শিকার হবে, জানতে হলে অপেক্ষা করতে হবে ১ আগস্ট পর্যন্ত, যেদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধড়ক ২’। প্রসঙ্গত, ‘অ্যানিম্যাল’-এর পর তৃপ্তির জনপ্রিয়তা চড়চড়িয়ে বেড়েছে। এবার করণ জোহরের ছবিতে তাঁর জুটি বাঁধা সিদ্ধান্তের সঙ্গে নতুন এক রসায়নের জন্ম দেবে বলে আশা অনুরাগীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.