দীর্ঘমেয়াদী চুক্তিতে ভাড়া নেওয়া বাড়ি ছাড়তে বাধ্য করা এবং সিকিউরিটি মানি না ফেরানোর অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হলেন স্কুল শিক্ষিকা পিপাশা প্রামাণিক শেঠ।
দেবীপুর গ্রামের বাসিন্দা পেশায় ওই শিক্ষিকা ২০২৩ সালে রতনপুর বাসস্ট্যান্ডে সুকুমার দুয়ারীর বাড়ির দ্বিতল ভাড়া নিয়ে একটি ইংরেজি মাধ্যম স্কুল শুরু করেন। অভিযোগ, বাড়ি ভাড়া নেওয়ার সময় তিনি ২ লক্ষ টাকা সিকিউরিটি মানি হিসেবে জমা দেন। কিন্তু কিছুদিন পর থেকেই বাড়ির মালিক নানা ভাবে অসহযোগিতা শুরু করেন—জল বন্ধ, ছাত্রছাত্রীদের যাতায়াত বন্ধ করা, স্কুল বন্ধের চাপ ইত্যাদি।
বর্তমানে ওই বাড়ি ছেড়ে স্কুল অন্যত্র সরিয়ে নিতে চান শিক্ষিকা। তবে বাড়ির মালিক সেই সিকিউরিটি মানি ফেরত দিতে রাজি নন। থানায় অভিযোগ জানালেও সুরাহা মেলেনি। শেষমেশ শিক্ষিকা দ্বারস্থ হন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বিডিওর।
বিডিও সৌমেন বণিক জানান, অভিযোগ পেয়েছেন, তদন্ত করে দেখা হবে।
অন্যদিকে বাড়ির মালিক সুকুমার দুয়ারী সংবাদ মাধ্যমকে জানান, “এই মুহূর্তে ওই টাকা ফেরত দেওয়া সম্ভব নয়।”
বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় অসহায় শিক্ষিকা।







