একসময় মাঠে খেলেছেন যশস্বী জয়সওয়াল ও মুশির খান-এর সঙ্গে। আরেক পরিচয়ে তিনি ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার-এর সন্তান। সেই অনয়া বাঙ্গার জীবনের এক বড় অধ্যায় সম্পন্ন করলেন—লিঙ্গনির্ণায়ক অস্ত্রোপচারের মাধ্যমে।
থাইল্যান্ডে ‘ভ্যাজিনোপ্লাস্টি’ সার্জারির পর সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরেছেন অনয়া। হাসপাতালের বেডে শুয়ে বাবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি জানান, এই পথ মোটেও সহজ ছিল না। শুধু তাঁর নিজের জন্য নয়, পরিবারের কাছেও এটি ছিল এক বড় চ্যালেঞ্জ।
অনয়ার কথায়, “এই যাত্রা সহজ ছিল না। তবে আজ কৃতজ্ঞতায় ভরে গিয়েছি আমি।” জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বাবাকে পাশে পাওয়ার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতাও জানান তিনি। তাঁর ভাষায়, “এই সমর্থন হঠাৎ করে আসেনি। কিন্তু যখন এসেছে, তা ছিল নিঃশর্ত, সত্যিকারের এবং অটল।”
জানা গিয়েছে, এই চিকিৎসার সমস্ত খরচ বহন করেছেন সঞ্জয় বাঙ্গার। মেয়ের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনয়া আরও লেখেন, “এই অস্ত্রোপচার আমার জীবনের এক বড় পদক্ষেপ। কিন্তু বাবার উপস্থিতি সেটিকে সহজ করে দিয়েছে।”
২০২১ সালে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন অনয়া। এরপর দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হরমোন থেরাপি সহ বিভিন্ন ধাপ অতিক্রম করে প্রায় ১০ মাসের লড়াইয়ের শেষে ‘আরিয়ান’ থেকে ‘অনয়া’ হয়ে ওঠেন তিনি। তবে এই পথ ছিল সংগ্রামে ভরা। একসময় পারিবারিক টানাপোড়েন এতটাই বেড়ে গিয়েছিল যে, বাবার সঙ্গে সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। মানসিক চাপের সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হয়েছিল তাঁকে।
বর্তমানে অনয়া সেই অধ্যায় পেরিয়ে নতুন জীবনের পথে হাঁটছেন। তাঁর এই লড়াই এলজিবিটিকিউ সম্প্রদায়ের বহু রূপান্তরকামী মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠতে পারে বলেই মনে করছেন অনেকেই।
তবে ক্রিকেট কেরিয়ারের ক্ষেত্রে রয়েছে বড় বাধা। International Cricket Council-এর ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত নিয়ম অনুযায়ী, যারা পুরুষ হিসেবে বয়ঃসন্ধি অতিক্রম করেছেন, তারা পরবর্তীতে মহিলা ক্রিকেটে অংশ নিতে পারবেন না। ফলে আপাতত অনয়ার পক্ষে মহিলাদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলা সম্ভব নয়।
উল্লেখ্য, এর আগে মুম্বই অনূর্ধ্ব-১৬, পণ্ডিচেরি অনূর্ধ্ব-১৯ এবং মুম্বই অনূর্ধ্ব-২৩ ট্রায়ালে অংশ নিয়েছিলেন অনয়া। তবে তাঁর এই পথচলার পিছনে রয়েছে আরও একটি স্বপ্ন—মা হওয়ার।
জীবনের প্রতিকূলতা পেরিয়ে অনয়ার এই সাহসী পদক্ষেপ নতুন আলো দেখাচ্ছে অনেককে—যেখানে পরিচয়ের লড়াইয়ের সঙ্গে জুড়ে রয়েছে ভালোবাসা, গ্রহণযোগ্যতা এবং আত্মমর্যাদার জয়।







