খেলাধুলা

শচীন-কোহলিদের টপকে যাওয়ার সুযোগ! রাজকোটে বিশ্বরেকর্ডের হাতছানি শ্রেয়াস আইয়ারের সামনে

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয় এই ওয়ানডে ম্যাচটি জিতে যেমন সিরিজ পকেটে পুরতে চাইবেন শুভমান গিলরা, তেমনি ব্যক্তিগত এক বিরাট অর্জনের সামনে দাঁড়িয়ে আছেন শ্রেয়াস আইয়ার। মাত্র ৩৪ রান করতে পারলেই তিনি টপকে যাবেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের মতো মহাতারকাদের।

বর্তমানে ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছেন ভারতীয় দলের এই সহ-অধিনায়ক। এখন পর্যন্ত ৬৮ ইনিংসে তাঁর সংগ্রহ ২,৯৬৬ রান। বুধবার রাজকোটে ৩৪ রান করলেই তিনি ৩,০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন। আর সেটা করতে পারলে তিনি হবেন দ্রুততম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জনকারী ব্যাটার। এর আগে শিখর ধাওয়ান ৭২ ইনিংসে এবং বিরাট কোহলি ৭৫ ইনিংসে ৩,০০০ রান পূর্ণ করেছিলেন। শ্রেয়াস এই নজির গড়লে সেটি হবে তাঁর ৬৯তম ইনিংস।

শুধু ভারতীয়দের রেকর্ড ভাঙাই নয়, বুধবার রান পেলে তিনি নাম লেখাবেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের সারিতে। ৬৯ ইনিংসে এই মাইলফলক ছুঁলে তিনি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের রেকর্ড স্পর্শ করবেন। ওয়ানডে ইতিহাসে দ্রুততম ৩,০০০ রান করার তালিকায় হাশিম আমলা (৫৭ ইনিংস) শীর্ষে থাকলেও, শ্রেয়াস ও ভিভ যুগ্মভাবে চতুর্থ স্থানে চলে আসবেন। ইনজুরি সারিয়ে ফেরার পর থেকেই শ্রেয়াসের ব্যাটে রানের ঝিলিক দেখা যাচ্ছে। জাতীয় দলে ডাক পাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছিলেন। সেই আত্মবিশ্বাস তিনি বয়ে এনেছেন আন্তর্জাতিক মঞ্চেও। ভোদোদরায় সিরিজের প্রথম ম্যাচে কোহলির সঙ্গে তাঁর গড়া ৭৭ রানের পার্টনারশিপ ভারতকে জয়ের ভিত গড়ে দিয়েছিল। সে ম্যাচে মাত্র এক রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস করলেও রাজকোটে বড় রানের পাশাপাশি বিশ্বরেকর্ড গড়তে মুখিয়ে আছেন মুম্বইয়ের এই ব্যাটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.