ওটিটির দুনিয়ায় প্রতিনিয়ত ভিড় জমছে নানা ঘরানার গল্পের। রহস্য-রোমাঞ্চের পাশাপাশি দর্শকরা সবসময়ই টান অনুভব করেন সহজ সরল প্রেমের কাহিনির প্রতি। সেই দর্শক চাহিদাকেই মাথায় রেখে এবার এক ভিন্নধর্মী প্রেমকাহিনি নিয়ে হাজির হচ্ছে ক্যামেলিয়া প্রোডাকশনের ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে।
এই মুহূর্তে নাম ঠিক না হলেও, শুটিং শেষ হয়ে গিয়েছে নতুন ওয়েব ফিল্মটির। পরিচালনায় রয়েছেন অর্ক ও শ্রীকান্ত। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টলিপাড়ার দুই পরিচিত মুখ দেবলীনা কুমার ও অর্পণ ঘোষাল। এই প্রথমবার বড়োপর্দা কিংবা ছোটোপর্দার বাইরে জুটি বাঁধলেন তাঁরা। গল্পে দেখা যাবে দুই সাধারণ মানুষের প্রেম ও সম্পর্কের উত্থান-পতনের কাহিনি। বাস্তবের মিশেলে নির্মিত এই ওয়েব ফিল্মে শুধু প্রেম নয়, সমাজের টানাপোড়েনের প্রতিফলনও ধরা পড়বে। গল্পের মূল আকর্ষণ দুই ভিন্ন ধর্মের তরুণ-তরুণীর সম্পর্ক। হিন্দু-মুসলমান প্রেক্ষাপটে গড়ে ওঠা এই প্রেমকে ঘিরেই এগোবে মূল কাহিনি। নানা বাধা পেরিয়ে কীভাবে তাঁদের ভালোবাসা এক সূত্রে বাঁধা পড়বে, সেটাই হবে দর্শকের জন্য বড়ো চমক।
সূত্রের খবর, শুটিং শেষ হলেও এখনো চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই মুক্তি পাবে দেবলীনা-অর্পণের প্রথম জুটি বাঁধা এই ওয়েব ফিল্মটি ফ্রাইডে প্ল্যাটফর্মে। উল্লেখ্য, দেবলীনা শেষবার অভিনয় করেছিলেন তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাস’ ছবিতে, যেখানে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর রসায়ন নজর কেড়েছিল দর্শকের। অন্যদিকে, অর্পণকে দেখা যাবে শিগগিরই অরিন্দম শীলের ‘কর্পূর’ ছবিতে। টেলিভিশনের ‘মেয়েবেলা’ ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করলেও, আজ অর্পণ সমান স্বচ্ছন্দ বড়োপর্দা, ওয়েব সিরিজ ও থিয়েটারের মঞ্চে। নতুন এই ওয়েব ফিল্ম যে দর্শককে মাটির কাছাকাছি প্রেমের স্বাদ দেবে, তা নিয়ে আশাবাদী টিম ফ্রাইডে।







