ভারতের সুপার লিগে (ISL) ধারাবাহিক ব্যর্থতার পর কেরালা ব্লাস্টার্স তাদের প্রধান কোচ সুইডিশ নাগরিক মিকায়েল স্টাহরেকে বরখাস্ত করেছে। সোমবার সন্ধ্যায় ক্লাবের তরফ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে স্টাহরের পাশাপাশি সহকারী কোচ বিওর্ন ওয়েস্টস্ট্রম ও ফ্রেডেরিকো পেরেইরা মোরাইসকেও তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেরালা ব্লাস্টার্সের সাম্প্রতিক পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। শেষ সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতেই হারের মুখ দেখেছে দলটি। লিগে মাত্র তিনটি ম্যাচে জয় পেয়ে দলটি বর্তমানে ১৩ দলের মধ্যে ১০ নম্বর স্থানে রয়েছে। এর মধ্যে গত ম্যাচে মোহনবাগানের সাথে জেতা ম্যাচ শেষে হেরে যায়। কোচের ডিফেন্স মনোভাবে গাফিলতি ধরা পড়ে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, “ক্লাব মিকায়েল, বিওর্ন এবং ফ্রেডেরিকোর অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানায় এবং তাদের ভবিষ্যতের জন্য শুভ কামনা করে।”
এই পরিবর্তনের ফলে কেরালা ব্লাস্টার্সের রিজার্ভ দলের প্রধান কোচ ও যুব উন্নয়ন প্রধান টমাস টচর্জ এবং সহকারী কোচ টি.জি. পুরুষোত্তমনের উপর দলের দায়িত্ব অস্থায়ীভাবে তুলে দেওয়া হয়েছে।
কেরালা ব্লাস্টার্সের সমর্থকদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে কারণ মরশুমের মাঝপথেই কোচিং স্টাফ পরিবর্তনের কারণে দলের পারফরম্যান্সে কতটা ইতিবাচক প্রভাব পড়বে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে যে নতুন প্রধান কোচের নাম শীঘ্রই ঘোষণা করা হবে।







