ফিটনেস দুনিয়ায় প্রোটিন শেক, বার বা সাপ্লিমেন্ট নিয়ে আলোচনার শেষ নেই। তবে এবার বিষয়টি একেবারে নতুন মোড় নিল। ভারতীয় ফিটনেস ব্র্যান্ড বিস্ট লাইফ এমন এক ঘোষণা করেছে, যা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল হৈচৈ। সংস্থার দাবি—তারা বিশ্বের প্রথম ‘প্রোটিন কন্ডোম’ বাজারে আনতে চলেছে!
গত রবিবার ইনস্টাগ্রামে এই পণ্যের টিজার প্রকাশ করতেই ছড়িয়ে পড়ে বিস্ময় আর ব্যঙ্গের ঢেউ। জনপ্রিয় ইউটিউবার ও ফিটনেস বিশেষজ্ঞ গৌরব তানেজার প্রতিষ্ঠিত ব্র্যান্ডটি সাধারণত সাপ্লিমেন্ট তৈরির জন্য পরিচিত। কিন্তু নতুন পণ্যের ক্যাপশনে লেখা—“রাতের পারফরম্যান্স আরও শক্তিশালী করতে আসছে বিস্ট লাইফ।”—এই বাক্যই আলোড়ন ফেলে দেয় নেটিজেনদের মনে।
মুহূর্তের মধ্যেই কমেন্ট সেকশন ভরে ওঠে রসিকতায়। কেউ লিখেছেন, “এখন সব বিভাগেই পারফর্ম করতে নামছে বিস্ট লাইফ!”—আবার কেউ ঠাট্টা করে জানতে চান, এই ‘প্রোটিন’ কি সাধারণ, নাকি হুই আইসোলেট থেকে তৈরি! আরও অনেকে মনে করছেন, বিপণনের দৌড়ে এবার যেন ‘অদ্ভুতের চূড়ান্ত’ দেখতে হচ্ছে।
তবে কনডোম নিয়ে এমন অভিনব প্রচার এই প্রথম নয়। কয়েক বছর আগে জার্মানির বিলি বয় সংস্থা ইনোশিয়ান বার্লিনের সঙ্গে মিলে ‘CameDom’ নামে একটি ডিজিটাল কনডোম অ্যাপ লঞ্চ করেছিল, যার উদ্দেশ্য ছিল অনুমতি ছাড়া ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও রেকর্ডিং রুখে দেওয়া।
সব মিলিয়ে, ভারতীয় ব্র্যান্ড বিস্ট লাইফের এই ঘোষণাটি নিয়ে প্রশ্নের শেষ নেই—এটি কি সত্যিই কোনও বৈপ্লবিক উদ্ভাবন, নাকি পয়লা এপ্রিলকে সামনে রেখে নিছকই একটি মার্কেটিং স্টান্ট?
যাই হোক, একথা নিশ্চিত—এই ‘প্রোটিন কন্ডোম’ এখনই ইন্টারনেটের অন্যতম আলোচনার খোরাক।







