কলকাতা: ভোটের আবহে ফের অস্থিরতা লালবাজারে। নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার একাধিক আধিকারিককে সরিয়ে দিয়ে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। শনিবার কমিশনারের ১৮১ ও ১৮২ নম্বর অর্ডার জারি হতেই প্রশাসনিক মহলে রদবদল নিয়ে শুরু হয়েছে নতুন চাপানউতোর।
শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ থানার ওসি-দের ডিটেকটিভ ডিপার্টমেন্ট (DD), এসটিএফ (STF) এবং স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। পার্ক স্ট্রিট থানার ওসি হীরক দলাপতি এবং বিজয়গঞ্জ বাজার থানার ওসি অংশুমান রায়কে পাঠানো হয়েছে লালবাজারের ডিডিতে। চেতলা থানার ওসি অমিতাভ সরকারকে পাঠানো হয়েছে এসটিএফে।
১৮২ নম্বর অর্ডার অনুযায়ী, পার্ক স্ট্রিট থানার নতুন ওসি হচ্ছেন ডিডির নীলকান্ত রায়। গড়িয়াহাট থানার দায়িত্ব পাচ্ছেন শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি রাজ কুমার মিশ্র। বিজয়গঞ্জ বাজার থানার নতুন ওসি হচ্ছেন এন্টালি থানার অতিরিক্ত ওসি মনীশ সিং। এসটিএফ থেকে মনোজ দত্তকে এনে চেতলা থানার নতুন ওসি করা হয়েছে।
রদবদলের তালিকায় রয়েছে হেয়ার স্ট্রিট ও ঠাকুরপুকুর থানাও—এই দুই থানার ওসি লোপসাং তশেরিং ভুটিয়া ও রাজীব সাহুর মধ্যে পারস্পরিক বদলি করা হয়েছে। ট্রাফিক বিভাগের অফিসার প্রশান্ত মজুমদারের আগের বদলির নির্দেশ বাতিল করে তাঁকে পূর্বের পদেই বহাল রাখা হয়েছে।
উল্লেখ্য, নতুন এই নির্দেশিকায় ২৯ মার্চের ১৭৪ ও ১৭৫ নম্বর অর্ডারের বেশ কিছু অংশ সংশোধন করা হয়েছে। ভোটের মুখে কলকাতা পুলিশের এই ধারাবাহিক রদবদল ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক মহলে—এ কি শুধু নিয়মিত বদলি, নাকি ভোট-পরিস্থিতি সামাল দিতে আরও কড়া নজরদারি?







