বিনোদন

‘সরকে চুনর’ ঘিরে তুমুল বিতর্ক, নোটিসে নোরা! মুক্তির আগেই চাপে ‘KD: The Devil

আগামী ৩০ এপ্রিল বড় পর্দায় মুক্তির অপেক্ষায় থাকা KD: The Devil-এর হিন্দি সংস্করণ এখনও মুক্তি না পেলেও বিতর্ক যেন আগেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গানকে কেন্দ্র করে শুরু হওয়া সমালোচনা ক্রমশ তীব্র হয়েছে, বিশেষ করে অশালীন শব্দচয়ন ও নাচের ভঙ্গিমা নিয়ে।

গানটিতে পারফর্ম করেছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফতেহী। তাঁর উপস্থিতি বরাবরই দর্শকদের আকর্ষণ করলেও, এই গানে তাঁর নাচ ও উপস্থাপনাকে ঘিরে ‘নীতিপুলিশ’-এর একাংশ সরব হয়েছে। অভিযোগ, গানের লিরিক্স থেকে শুরু করে দৃশ্যায়ন—সবকিছুতেই রয়েছে কুরুচিকর ইঙ্গিত, যা জনসমক্ষে উপযুক্ত নয়। বিতর্কের মাঝেই ছবির পরিচালক প্রেম জানিয়েছেন, বড় ছবির একটি ছোট গানের বিষয়কে অতিরঞ্জিত করা হচ্ছে। তাঁর দাবি, গানটির উদ্দেশ্য নিয়ে ভুল ব্যাখ্যা তৈরি হয়েছে। তবে এই যুক্তি মানতে নারাজ জাতীয় মহিলা কমিশন। কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে পদক্ষেপ করেছে এবং নির্মাতাদের কাছে জবাবদিহি চেয়েছে।

কমিশনের অভিযোগ, গানটির প্রতিটি স্তবকে অশালীনতার ছাপ স্পষ্ট এবং নাচের কোরিওগ্রাফিও দৃষ্টিকটূ। সেই প্রেক্ষিতেই আনুষ্ঠানিকভাবে নোটিস পাঠানো হয়। প্রথমে নির্মাতারা দাবি করেছিলেন, গানের গভীরতা তাঁদের নজরে আসেনি। কিন্তু সেই যুক্তি খারিজ করে দেয় কমিশন। অবশেষে চাপের মুখে নির্মাতারা লিখিতভাবে ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন, গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।ছবির মুক্তির আগে এই বিতর্ক আদৌ থামবে কিনা, তা এখন বড় প্রশ্ন। তবে স্পষ্ট, ‘সরকে চুনর তেরি সরকে’ ইতিমধ্যেই ছবির প্রচারের কেন্দ্রে উঠে এসেছে ভালো বা খারাপ, দুইভাবেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.