ভারতীয় ক্রিকেটের বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে কি সত্যিই তৈরি হতে চলেছে বিশেষ তথ্যচিত্র? বৃহস্পতিবার তাঁর একটি রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এমনই উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেট মহলে।
রোহিতের পোস্টে দেখা যায় একটি পাতা, যা দেখতে অনেকটাই কোনও স্ক্রিপ্টের ‘Draft #45’–এর মতো। পাতায় স্পষ্ট লেখা ‘Rohit Sharma’s Copy’। উপরের দিকের টাইটেলের জায়গাটি ইচ্ছে করেই ঢাকা, আর নীচে বড় অক্ষরে লেখা ‘Collab’, যা জল্পনায় আরও আগুন ধরিয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য, পাতার দুই কোণায় মুম্বই ইন্ডিয়ান্স এবং নেটফ্লিক্স—দুটি লোগোই স্পষ্ট। ফলে সমর্থকদের ধারণা, হয়তো মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যৌথভাবে কোনও ডকুমেন্টারি তৈরি করতে চলেছে নেটফ্লিক্স, যেখানে দল এবং রোহিতের অন্দরমহল উঠে আসবে। ইউরোপের বড় ক্লাব ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পারের মতো দলকে নিয়ে অতীতে এমন ‘বিহাইন্ড দ্য সিন্স’ সিরিজ জনপ্রিয় হয়েছিল।
এখনও অবশ্য এ বিষয়ে মুম্বই ইন্ডিয়ান্স বা নেটফ্লিক্সের তরফে কোনও সরকারি ঘোষণা হয়নি। সময়ই বলে দেবে রহস্যের আড়ালে আসল সত্য কী।
অন্যদিকে, মাঠের খেলায় প্রথম ম্যাচে কেকেআরকে হারিয়ে দুর্দান্ত শুরু করলেও পরপর দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের কাছে হেরে ধাক্কায় পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে অর্ধশতরান করা রোহিত শেষ দুই ম্যাচে ছন্দ খুঁজে পাননি—দিল্লির বিরুদ্ধে ২৬ বলে ৩৫, আর রাজস্থানের বিরুদ্ধে ৬ বলে মাত্র ৫ রান করেন তিনি।
লিগ টেবিলে বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে অষ্টম স্থানে, ঠিক কেকেআরের উপরে। তাই সপ্তাহান্তে আরসিবির বিরুদ্ধে নামার আগে রোহিত ও তাঁর দল যে মরিয়া হয়ে ঘুরে দাঁড়াতে চাইবে, তা বলাই যায়।
তার সঙ্গে সমর্থকেরা এখন অপেক্ষা করছেন—রহস্যময় ‘Draft #45’ কি সত্যিই এক নতুন তথ্যচিত্রের পথ খুলে দেবে?







