প্রেমিকের সাথে ঝগড়ার কারনে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার। জানা গিয়েছে, আশিঘর সংলগ্ন হাতিয়াডাঙ্গার বাসিন্দা চন্দ্র সাহার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ডাবগ্রামের বাসিন্দা তনুশ্রী রায় (১৯) ওরফে দিয়ার। পরিবারের তরফে তা মেনেও নেওয়া হয়। তবে বেশকিছুদিন ধরে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হবার চেষ্টা করেন যুবতী। পরবর্তীতে যুবতীকে ডাকাডাকি করা হলে কোন সাড়া না মেলায় দরজা ভেঙ্গে যুবতীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তার দেহে প্রান ছিল তখনও।
ঘটনার পর খবর দেওয়া হয় এলাকার কাউন্সিলর ও শিলিগুড়ি থানায়। পুলিশ পৌঁছে যুবতীকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। বর্তমানে যুবতীর অবস্থা স্থিতিশীল। যুবককে জিঞ্জাসাবাদ করছে পুলিশ। তবে যুবক নিজের ভুল মেনে ওই যুবতীকে বিয়ে করতে চাওয়ায় সমস্যা তখনকার মতন মিটে যায় বলে জানা গেছে।







