Uncategorizedজেলা

খাগড়াবাড়ি পাওয়ার স্টেশনে ভয়াবহ আগুন, বিদ্যুৎহীন কোচবিহারবাসী

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

সোমবার সন্ধ্যায় খাগড়াবাড়ি পাওয়ার স্টেশনে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। আচমকা আগুন লেগে যায় স্টেশনের একটি ট্রান্সফরমারে, যার তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে পুরো এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়।

ঘটনার পরেই গোটা কোচবিহার শহরে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সন্ধ্যা সাতটা নাগাদ এই অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। বহু চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা গেলেও, বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে এখনও সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা।

অন্ধকারে ডুবে যাওয়া শহরের বিভিন্ন হাসপাতাল, বাজার এবং গুরুত্বপূর্ণ এলাকায় দেখা দেয় চরম ভোগান্তি। বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। সৌভাগ্যবশত এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত শুরু করেছেন। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতির কাজ।
বিদ্যুৎহীন থাকায় বৈদ্যুতিক পাখা, কুলার, ফ্রিজ বন্ধ হয়ে পড়ায় বাড়ি থেকে দোকান—সবখানেই সৃষ্টি হয়েছে দুর্ভোগ। পানীয় জলেরও সংকট দেখা দিয়েছে অনেক পরিবারে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন।
রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষ ও দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, গরমে টিকে থাকা দায় হয়ে উঠেছে।
এক দোকানদার বলেন, “এই গরমে দোকান চালানো মুশকিল হয়ে পড়েছে। বিদ্যুৎ না এলে ব্যবসা চালানো যাবে না।”
এক পথচারী জানান, “ঘরে বসে থাকা যাচ্ছে না, তাই একটু হাওয়া খেতে রাস্তায় এসেছি।”
বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে ঠিক কতক্ষণে বিদ্যুৎ ফিরবে, তা এখনই বলা সম্ভব নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.