বদলের বাংলায় ফের এনকাউন্টারের ঘটনা। শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করার ঘটনায় ধৃত কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের মৃত্যু হল পুলিশের গুলিতে। রবিবার দুপুরেই তার গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসে। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই এনকাউন্টারে মৃত্যু হয় রতনের। এই ঘটনার পরই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশ কি আর হাত গুটিয়ে বসে থাকবে? পাশাপাশি ধর্ষক ও খুনিদের বাংলায় কোনও জায়গা দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ঘটনাস্থলেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে পুলিশ।
ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে, রতন শেখ নামে এক কুখ্যাত দুষ্কৃতী শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় রয়েছে। তাকে গ্রেপ্তার করতে প্রান্তিক আউটপোস্ট থেকে সাদা পোশাকে বাইকে চেপে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী। রতনকে নাগালের মধ্যেও পেয়ে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায় রতন। গুলিবিদ্ধ হন ওই পুলিশকর্মী। তাঁর পায়ে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শনিবার রাতে হাসপাতালে গিয়ে আহত কনস্টেবলের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিনই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।”
এরপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার দুপুরে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রতন শেখকে। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে এনকাউন্টারের ঘটনা। পুলিশের গুলিতে মৃত্যু হয় রতনের। সূত্রের খবর, নানুরের চারকোল গ্রামের কাছে একটি ইটভাটার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে।
এনকাউন্টার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, “বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে পুলিশ যা করার সেটাই করবে। গুণ্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করব।” উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার গঠনের আগেই শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, অপরাধীরা কোনওভাবেই রেহাই পাবে না। সকালে জমা, বিকেলে খরচ হবে। ক্ষমতার পালাবদলের পর গত ছয় মাসে সেই বার্তার প্রতিফলন দেখা যাচ্ছে বলেই দাবি রাজনৈতিক মহলের। রতন শেখের মৃত্যুর ঘটনাকে ঘিরে রাজ্যে এনকাউন্টার নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। পালাবদলের পর এই নিয়ে বাংলায় মোট পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটল বলে দাবি করা হচ্ছে।







