মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই নতুন করে শান্তি আলোচনার আশা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে সম্মত হয়েছে এবং দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি এখন “খুব কাছাকাছি”। তিনি দাবি করেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসতে প্রস্তুত—যা দুই মাস আগেও তারা করতে রাজি ছিল না। তবে ট্রাম্প সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে সংঘর্ষ আবার শুরু হতে পারে।
এদিকে লেবানন ও ইসরায়েল এর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা মার্কিন উদ্যোগে সম্পন্ন হয়েছে। ট্রাম্প জানান, তিনি বেঞ্জামিন নেতানিয়াহু ও জোসেফ আউন এর সঙ্গে ইতিবাচক ফোনালাপের পর এই সমঝোতা সম্ভব হয়েছে। শিগগিরই হোয়াইট হাউসে তাদের বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর সংঘাতের সূচনা হয়। এরপর ২ মার্চ হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই সংঘাতে লেবাননে দুই হাজারের বেশি মানুষ নিহত ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ট্রাম্প হিজবুল্লাহকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, এটি শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ সময়। পাশাপাশি তিনি জানান, ইরানের সঙ্গে চুক্তি হলে তিনি পাকিস্তান সফর করতে পারেন এবং আলোচনায় তাদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।







