মুম্বইয়ে পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘদিন ধরেই পলাতক থাকা এই মামলার অন্যতম ওয়ান্টেড অভিযুক্তকে গ্রেফতার করেছে এসটিএফ ও Mumbai Police Crime Branch-এর যৌথ দল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টা ৫৬ মিনিট নাগাদ Agra-র বাহ থানা এলাকার ছাদামি মাথা অঞ্চল থেকে প্রদীপ কুমার ওরফে ‘গাথ’-কে গ্রেফতার করা হয়। বহুদিন ধরেই সে পুলিশের নজরে ছিল এবং তাকে ধরতে একাধিক রাজ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল।তদন্তকারীদের দাবি, এই অভিযুক্তের সঙ্গে গুলি চালানোর ঘটনায় সরাসরি যোগ রয়েছে। মুম্বইয়ে এই ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়ায় বিনোদন জগতে, বিশেষ করে বলিউড মহলে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে তারকাদের মধ্যে। সেই প্রেক্ষিতেই দ্রুত পদক্ষেপ করে মুম্বই পুলিশ ও উত্তরপ্রদেশ এসটিএফ।
অভিযুক্তকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন, এই হামলার পিছনে কোনও বড় চক্র বা সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না। পাশাপাশি, আরও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের মতে, এই গ্রেফতারি তদন্তে গুরুত্বপূর্ণ মোড় এনে দেবে। খুব শিগগিরই অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে মুম্বইয়ে নিয়ে যাওয়া হতে পারে।







