চাকরি

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বড় বদলের ভাবনা! পৃথক সার্ভিস কমিশন গড়তে উদ্যোগী রাজ্য, তৈরি ১১ সদস্যের কমিটি

স্কুল ও কলেজের পর এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে পারে রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য পৃথক সার্ভিস কমিশন গঠনের পরিকল্পনা করছে উচ্চশিক্ষা দফতর। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি সার্ভিস কমিশন (West Bengal University Service Commission) গঠনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই উদ্যোগের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। কমিশন গঠনের সম্ভাবনা, কাঠামো এবং কাজের পদ্ধতি পর্যালোচনা করতে শুক্রবার ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে উচ্চশিক্ষা দফতর।

জানা গিয়েছে, এই কমিটির দায়িত্ব হবে প্রস্তাবিত কমিশনের প্রশাসনিক কাঠামো, নিয়োগের নিয়ম এবং কাজের ধরন সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, প্রশাসনিক আধিকারিক এবং উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় সুপারিশ জমা দেবে তারা। আগামী এক মাসের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে রাজ্যে স্কুল ও কলেজের শিক্ষক নিয়োগের জন্য পৃথক কমিশন রয়েছে। সেই ব্যবস্থার আদলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কেন্দ্রীয়ভাবে একটি কমিশন গড়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রস্তাব কার্যকর হলে অনুমোদিত শূন্যপদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির নিজস্ব নিয়োগের ক্ষমতা আর আগের মতো থাকবে না। নতুন কমিশনের মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া পরিচালনার সম্ভাবনা তৈরি হবে।

উল্লেখ্য, সম্প্রতি স্কুল শিক্ষা দফতরের প্রশাসনিক স্তরেও বড়সড় রদবদল করেছে রাজ্য সরকার। জেলা বিদ্যালয় পরিদর্শক থেকে সহকারী বিদ্যালয় পরিদর্শক-সহ মোট ৫৭ জন আধিকারিকের বদলি ও দায়িত্ব বণ্টন করা হয়েছিল। কলকাতা-সহ একাধিক জেলায় এই রদবদল হয়।

এবার উচ্চশিক্ষার ক্ষেত্রেও নিয়োগ ব্যবস্থায় নতুন কাঠামো তৈরির উদ্যোগ ঘিরে শিক্ষামহলে আলোচনা শুরু হয়েছে। তবে কমিশন কবে থেকে কার্যকর হবে, তা নির্ভর করছে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট এবং পরবর্তী সরকারি সিদ্ধান্তের উপর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.