পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ যখন জোরকদমে চলছে, ঠিক সেই সময়েই রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন প্রধানমন্ত্রী Narendra Modi। নদিয়ার কৃষ্ণনগরে জনসভা থেকে ফের একবার ‘পরিবর্তন’-এর ডাক দিলেন তিনি।
ভোটের দিনেই তাঁর এই জনসভা ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বক্তৃতায় রাজ্যের শাসক দলকে সরাসরি নিশানা করে মোদী বলেন, “বাংলার মানুষ এবার পরিবর্তন চায়।” পাশাপাশি, নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, “ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের।”
এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা আক্রমণও শোনা গিয়েছে, যেখানে মোদীর বক্তব্যকে ‘হালকা’ বলে কটাক্ষ করা হয়েছে। যদিও বিজেপি শিবিরের দাবি, এই মন্তব্যের মধ্য দিয়েই বাংলার মানুষের মনের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, প্রথম দফার ভোটে রাজ্যের একাধিক জেলায় ভোটগ্রহণ চলছে এবং বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্ন অশান্তির খবরও সামনে এসেছে। এর মধ্যেই মোদীর এই জনসভা কার্যত ভোটের আবহকে আরও তপ্ত করে তুলেছে।
আজকের দিনে প্রধানমন্ত্রী আরও একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের দিনে তাঁর এই সক্রিয়তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—বাংলার মাটিতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই জারি রাখতে চাইছে বিজেপি।







