পূর্ব বর্ধমানের পর এবার ডিম নিক্ষেপের ঘটনার অভিযোগ উঠল ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে ঘিরে। যদিও ডিম সরাসরি তাঁর গায়ে লাগেনি, অভিযোগ তাঁর গাড়িকে লক্ষ্য করেই ডিম ছোড়েন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। ফলে মুহূর্তের মধ্যেই ডিমে ঢেকে যায় কাজল শেখের গাড়ি। একই ঘটনায় নিশানায় ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝিও। ঘটনার নিন্দা করে হামলাকারীদের ‘সমাজবিরোধী’ আখ্যা দিয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কাজল শেখ।
রবিবার, ২৭ জুলাই পালিত হচ্ছে নানুর দিবস। ২০০০ সালের এই দিনেই নানুরের সূচপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের ১১ জন খেতমজুরকে খুন করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের জন্য তৎকালীন বামফ্রন্ট সরকারকে দায়ী করে আসছে তৃণমূল। প্রতি বছরের মতো এবারও বাসাপাড়ায় ১১ শহিদের স্মৃতিবেদিতে শ্রদ্ধা নিবেদন করতে যান দলের নেতারা।
অভিযোগ, শহিদ বেদিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় কাজল শেখ ও বিধানচন্দ্র মাঝির গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। পাশাপাশি ‘চোর’ স্লোগানও দেওয়া হয় বলে দাবি। যদিও দুই বিধায়ক তখন মঞ্চে পৌঁছে যাওয়ায় তাঁদের গায়ে ডিম লাগেনি, তবে কাজল শেখের গাড়ি ডিমে মাখামাখি হয়ে যায়।
ঘটনার পর কাজল শেখ বলেন, তিনি জনপ্রতিনিধি হওয়ার আগেও প্রতি বছর নানুর দিবসে শহিদদের শ্রদ্ধা জানাতে আসতেন, এখনও সেই প্রথা বজায় রেখেছেন। তাঁর অভিযোগ, তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছনোর পর কিছু সমাজবিরোধী তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা বাংলার সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদনও তিনি পুলিশের কাছে করেছেন।
অন্যদিকে, এই ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।







