বিনোদন

একেনবাবুর জাতীয় জয়, ‘বেনারসে বিভীষিকা’ সেরা, তবু বিতর্ক তুঙ্গে!

বাংলা গোয়েন্দা চরিত্রের জগতে এই মুহূর্তে এক অনস্বীকার্য নাম ‘একেনবাবু’। একেনবাবু-কে ঘিরে দর্শকদের উন্মাদনা দিন দিন বাড়ছেই, আর সেই জনপ্রিয়তাকে আরও একধাপ উঁচুতে নিয়ে গেছেন অনির্বাণ চক্রবর্তী তাঁর নিখুঁত অভিনয়ের মাধ্যমে। বড় পর্দা থেকে ওটিটি সব জায়গাতেই এই চরিত্রের নতুন কেস দেখার অপেক্ষায় থাকেন ভক্তরা। এই আবহেই জাতীয় মঞ্চে বড় স্বীকৃতি পেল ‘দ্যা একেন: বেনারসে বিভীষিকা’। মুম্বইয়ের নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার-এ ১৫ ও ১৬ এপ্রিল অনুষ্ঠিত ইনকা অ্যাওয়ার্ড শো-তে সেরা ছবির সম্মান জিতে নিয়েছে এই সিনেমা। জমকালো এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন করণ জোহর এবং রানা দাগ্গুবতি। হিন্দির পাশাপাশি বাংলা, তামিল, তেলেগু, মালয়ালম ও পাঞ্জাবি সহ বিভিন্ন ভাষার সিনেমাকে এই মঞ্চে সম্মান জানানো হয়।

তবে পুরস্কার জয়ের আনন্দের মাঝেই খানিক খামতি চোখে পড়েছে দর্শকদের। কারণ, মঞ্চে উপস্থিত ছিলেন না ছবির মুখ্য অভিনেতা অনির্বাণ চক্রবর্তী কিংবা পরিচালক জয়দীপ মুখার্জি। তবুও জাতীয় স্তরে একেনবাবুর এই সাফল্যে খুশির ঢেউ উঠেছে অনুরাগীদের মধ্যে।অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্কও। অনেকেই প্রশ্ন তুলেছেন, বাংলা সিনেমায় আরও বহু শক্তিশালী কাজ থাকা সত্ত্বেও কেন এই ছবিকেই সেরা হিসেবে বেছে নেওয়া হল। আলোচনায় উঠে এসেছে ‘মৃগয়া’, ‘ধুমকেতু’ বা ‘পুতুল নাচের ইতিকথা’-র মতো ছবির নাম। এদিকে অন্যান্য বিভাগেও নজর কেড়েছেন তারকারা। ‘ধুরন্ধর’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং, আর ‘হক’ ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম। পাশাপাশি ‘কান্তারা’ ছবির জন্য সেরা পরিচালকের সম্মান পেয়েছেন ঋষভ শেট্টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.