খেলাধুলা

কোহলির মহাকাব্যিক ইনিংসে ফাইনালে ভারত, বদলা সম্পূর্ণ চার উইকেটে জয়!

এটা শুধু নিছক জয় নয়। বরং ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর ভারতের কাছে এটি ছিল প্রতিশোধের মঞ্চ। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠল রোহিত শর্মার দল। কিন্তু ভারত শুধু সেমিফাইনাল জিততে আসেনি—তাদের লক্ষ্য এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়।

অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৬৪ রানে অলআউট হয়। স্টিভ স্মিথ (৭৩) ও অ্যালেক্স কেরি (৬১) ছাড়া বড় ইনিংস গড়তে পারেননি কেউ। ভারতের হয়ে মোহাম্মদ শামি ৩/৪৮, জাদেজা ও বরুণ চক্রবর্তী দুই উইকেট করে নেন।

২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতেই ব্যাকফুটে চলে যায়। শুভমান গিল (৫) ও রোহিত শর্মা (২৮) দ্রুত ফিরে যান। এরপর কোহলি ও শ্রেয়াস আইয়ার পার্টনারশিপ গড়ে চাপ কমান। কিন্তু আইয়ার জাম্পার দুর্দান্ত বলে বোল্ড হলে ফের চাপে পড়ে দল। কোহলি গড়েন ৯৮ বলে ৮৪ রান ।

এমন সময় বাইশ গজে আসেন কেএল রাহুল (৪২*) ও হার্দিক পান্ডিয়া (২৮)। পান্ডিয়া ছক্কার ঝড় তুলে খেলার মোড় ঘুরিয়ে দেন, যদিও শেষ মুহূর্তে আউট হন। কিন্তু তখনই জয়ের কাজ শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত রাহুল ম্যাক্সওয়েলকে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন, যা ২০২৩ বিশ্বকাপের প্রথম ম্যাচের পুনরাবৃত্তি ঘটায়!

কোহলির ৮৪ রানের ধৈর্যশীল ইনিংসই ছিল ভারতের জয়ের ভিত্তি। ম্যাচ শেষে তিনি বলেন, “বড় ম্যাচে উইকেট হাতে রেখে খেললেই প্রতিপক্ষ চাপে পড়ে।”

এ জয়ের ফলে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল, যেখানে প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা। পরিসংখ্যান বলছে ভারত এই নিয়ে পরপর তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে। ২০১৩, ২০১৭ এবার ২০২৫। ২০১৩ তে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও ২০১৭ সালে ফাইনালে পাকিস্তানের সাথে হেরে যায়। তাই এবার ১২ বছর পর ওডিআইতে ট্রফির খরা মোচনের পালা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.