কলকাতার পর এবার গোটা রাজ্যের স্কুলে মিড-ডে মিল পরিষেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের। ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে জেলার স্কুলগুলিতে খাবার রান্না ও বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্প কার্যকর করতে ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর।
নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি জেলায় মিড-ডে মিল তৈরির জন্য কেন্দ্রীয় রান্নাঘর বা সেন্ট্রাল কিচেন গড়ে তোলার উপযুক্ত জায়গা চিহ্নিত করতে হবে। সেই দায়িত্ব দেওয়া হয়েছে জেলাশাসকদের। পাশাপাশি, শিলিগুড়ির মহকুমাশাসক এবং জিটিএ-র শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকদেরও প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।
কোন স্কুলে কত পড়ুয়া রয়েছে, কোথায় স্কুলের অবস্থান—এই সমস্ত তথ্য অন্নামৃত ফাউন্ডেশনের সঙ্গে ভাগ করে নিতে হবে প্রশাসনকে। রান্না ও খাবার সরবরাহের কাজ শুরু করার জন্য ফাউন্ডেশন প্রস্তুত হলে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
প্রশাসনিক সূত্রে খবর, কলকাতার সরকারি স্কুলগুলিতে এই ব্যবস্থায় খাবার সরবরাহের অভিজ্ঞতাকে সামনে রেখেই রাজ্যজুড়ে প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা। এর আগে হাওড়া ও পুরুলিয়ায় অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পরে তা বাতিল করা হয়।
এবার অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে নতুন এই পরিকল্পনা কতটা দ্রুত বাস্তবায়িত হয়, তা নিয়ে নজর রয়েছে শিক্ষা মহলের।







