পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সোমবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হওয়ার কথা, আর তার আগেই খড়গপুরে দাঁড়িয়ে বড় দাবি করলেন বিজেপি নেতা তথা খড়গপুরের প্রার্থী Dilip Ghosh। তাঁর দাবি, এবারের ফল হবে “একতরফা” এবং বাংলায় বিজেপিই নতুন সরকার গড়বে।
গণনার আগে খড়গপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে সকালে গণনাকেন্দ্রের বাইরে যান দিলীপ। সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, “দেখতে পাচ্ছেন, পুলিশ আর ফোর্সই আছে। আর কেউ নেই। যারা ভোটে গন্ডগোল করতে পারেনি, এবার চেষ্টা করবে। সেটা বিফলও করা হবে। শান্তিপূর্ণ ভোটগণনা হোক, শান্তিপূর্ণ রেজাল্ট হোক, এটাই চাই আমরা। কমিশনও চাইছে। তাই চেষ্টা করেও গন্ডগোল করতে সফল হবে না।”
শুধু রাজ্যের ফল নিয়েই নয়, নিজের কেন্দ্র খড়গপুর নিয়েও আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী। তাঁর দাবি, খড়গপুরে তিনি বড় ব্যবধানে জয়ী হবেন। দিলীপ বলেন, “আমরা ১ লক্ষ ভোটের মার্জিন টার্গেট করেছি। খড়গপুরের মানুষের কাছে সেই দাবি রেখেছি। আশা করি মানুষ তা পূরণ করবেন।”
এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ হয়েছে— ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। মোট ২৩টি জেলার ২৯৪টি আসনে ভোট হয়। এবার ভোটদানে তৈরি হয়েছে নজির। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে যেখানে গড় ভোটদানের হার ছিল প্রায় ৮২ শতাংশ, সেখানে ২০২৬-এ তা বেড়ে হয়েছে প্রায় ৯৩ শতাংশ। যদিও ভোটার সংখ্যা প্রায় ৫১ লক্ষ কমেছে, তবুও গতবারের তুলনায় প্রায় ৩১ লক্ষ বেশি ভোট পড়েছে।
এই বিপুল ভোটদান ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবহে এখন নজর শুধুই গণনার দিকে। বাংলার মসনদে শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে আর কয়েক ঘণ্টার মধ্যেই।







