শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে , ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে , বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী । তবে বিজেপির এই শপথ গ্রহণ অনুষ্ঠানে , বিজেপি বাদে , অন্য কোনো রাজনৈতিক দলের সদস্যদের কাউকে দেখা যায়নি। বাম শিবিরের কেউও ছিলেন না এই শপথ গ্রহণ অনুষ্ঠানে । তবে শপথ গ্রহণ সভায় না থাকলেও , বাইরে থেকে বর্ষীয়ান বাম নেতা বিমান বসু বার্তা দিলেন শুভেন্দু অধিকারীকে ।
বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন , “আজ শপথ গ্রহণ। আজ কোনও প্রতিক্রিয়া দেওয়া উচিৎ হবে না। তবে যা যা বলেছেন, সেই কথা রাখতে হবে। রাজ্যের মানুষের স্বার্থে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ-ভাষার ভিত্তিতে বিভাজন করা সঠিক হবে না।”
তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাম শিবিরের কাউকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা , সেবিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি । বিমান বসুও জানান , “রাতে কোনও আমন্ত্রণের কথা আমি শুনিনি। সকালেও শুনিনি।”







