‘দুর্ভাগ্যজনক ঘটনা! অনেক সময় তীর্থক্ষেত্রে অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। যারা শকুনের মতো তাকিয়ে থাকে, মানুষের মৃত্যু নিয়েও রাজনীতি করে, বোঝাই যায় তারা কতটা হতাশ। পার্টি ডুবে যাচ্ছে। সরকার ডুবে যাচ্ছে। দিশেহারা হয়ে খড়কুটো ধরে বাঁচতে চাইছেন। কোথায় রাজনীতি করতে হয় আর কোথায় করতে নেই, ওরা সেটাও জানে না’, মন্তব্য রাজ্য বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষের।
ত্রিপুরায় উলটো রথের দিন ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। উলটো রথ যাত্রার সময়ে মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। আহতের সংখ্যা জানা গিয়েছে ম ১৫ জন। আহতের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনা ঘটে ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট এলাকায়।
অন্যদিকে, রোজই পঞ্চায়েত নির্বাচন শিরোনামে যাচ্ছে। যার প্রেক্ষিতে দিলীপ ঘোষের উবাচ, ‘আগেও বলেছি, সিতাই, শীতলকুচি আর দিনহাটা হল উপদ্রুত এলাকা। আমাদের লোকসভায় মানুষ জিতিয়েছে। বিধানসভার দুটো আসন জিতেছি। পরে উপনির্বাচনে কি হয়েছে আপনারা দেখেছেন। বাইরে থেকে লোক এনে ওখানে ওরা এসব কাজ করে। বিএসএফ ওখানেই গুলি চালিয়েছিল। জনজোয়ার ওরা ওখান থেকেই শুরু করেছে। মুখ্যমন্ত্রী ওখান থেকেই প্রচার শুরু করেছেন। রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ কোচবিহার। কিন্তু ওখানকার মানুষ উন্নয়নের কোনও স্বাদ পান না। যদি স্বাদ পেয়ে থাকেন, তাহলে বলব, হাইওয়ে তৈরি হয়েছে। মোদী করেছেন। বন্দে ভারত চালু হয়েছে। সেটাও মোদী করেছেন। কেন্দ্র সুবিধা করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছেন’।







