হরমুজ প্রণালী ঘিরে আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের আশঙ্কা বাড়ছে। ভারতের ক্ষেত্রেও এলপিজি ও অপরিশোধিত তেলের জোগান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে মোদী সরকারের ‘প্ল্যান বি’ আপাতত স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকে।
কেন্দ্র সরকার দেশীয় স্তরে এলপিজি উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে দৈনিক উৎপাদন ৩৬ হাজার টন থেকে বাড়িয়ে ৫৪ হাজার টন করা হয়েছে। পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আবগারি শুল্ক কমানোর দিকেও নজর দেওয়া হচ্ছে।
অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও দেশে গত ১০ সপ্তাহ ধরে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে। এর ফলে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি প্রতিদিন প্রায় ১৬০০-১৭০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে বলে দাবি। ইতিমধ্যেই মোট ক্ষতির পরিমাণ ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে বলে সূত্রের খবর।
ভারতের মোট অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ আমদানি হরমুজ প্রণালী দিয়ে হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী দিনে তেলের দাম বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র।







