ভোট পরবর্তী হিংসা মামলায় , বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চে সওয়াল করেন , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে তারপরেই সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতির। মমতাকে দেখেই ‘ চোর ‘ ‘ চোর ‘ স্লোগান ওঠে হাইকোর্ট চত্বরে। আইনজীবীদের একাংশই স্লোগান দেন , ‘পিসি চোর, ভাইপো চোর।’
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যখন , কক্ষ থেকে সওয়াল জবাব করে বেরিয়ে আসেন, তখনই, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে চোর চোর স্লোগান দেন আইনজীবীদের একাংশ। গোটা আদালত চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় । আইনজীবীরাই নিজেদের মোবাইলে এই গোটা ঘটনার ভিডিয়ো করতে থাকেন। এক আইনজীবী এও বলেন যে, “হাইকোর্টকে আজকে গোবর, গঙ্গাজল দিয়ে শুদ্ধ করতে হবে।”
আরেক আইনজীবীর কথায়, “যিনি একদিন হাইকোর্টের বিচারপতিদেরই মানি না বলতেন, তিনি আজকে হাইকোর্টে শেল্টার নিতে এসেছেন। এর থেকে লজ্জার আর কিছু নেই। যারা জজদের বাড়িতে হামলা করিয়েছেন, বিচারকদের নামে যারা পোস্টার দিতেন, তাঁরাই আজকে প্রধান বিচারপতির ঘরে নাটক করতে এসেছিলেন।”
উল্লেখ্য , এদিন যখন আদালতে ভোট পরবর্তী হিংসা নিয়ে কথা বলতে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনও তাঁকে প্রায় একই রকমের পরিস্থিতির শিকার হতে হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এজলাসের মধ্যেই এক আইনজীবী বলেন, “এখানে নাটক করবেন না।” তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আগলে বলেন, “কমেন্ট পাস করবেন না।”







