প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ সমস্ত পক্ষকে নোটিশ পাঠিয়েছে। আগামী অগাস্টের তৃতীয় সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা। এদিন বিচারপতি দীপঙ্কর দত্ত মন্তব্য করেন, “যাঁদের হাতে শিশুদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব রয়েছে, তাঁরা সত্যিই যোগ্য কি না, সেটাই আমাদের খতিয়ে দেখতে হবে।”
২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পরে সেই রায় খারিজ করে সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরিতে বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। সোমবার সেই মামলাটি গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত।
মামলার পটভূমি –
সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্ত
২০২৩ সালের ১২ মে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগে অনিয়ম এবং অ্যাপটিটিউড টেস্ট না হওয়ার অভিযোগের ভিত্তিতে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন।
ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত
পরবর্তীতে দীর্ঘ শুনানির শেষে ২০২৩ সালের ডিসেম্বর মাসে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের ওই রায় বাতিল করে দেয়। আদালত স্পষ্ট জানায়, কোনও শিক্ষকের চাকরি যাবে না এবং সবাই চাকরিতে বহাল থাকবেন। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, নিয়োগে দুর্নীতির অভিযোগ থাকলেও একসঙ্গে এত শিক্ষকের চাকরি খারিজ করা ঠিক হবে না। গত প্রায় ন’বছর ধরে তাঁরা কর্মরত রয়েছেন, তাই তাঁদের পরিবার ও মানবিক দিক বিবেচনা করেই চাকরি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







