খেলাধুলা

ঋষভ বাদ, জাদেজাকে ‘বিশ্রাম’! আফগানদের বিরুদ্ধে ভারতীয় দলে একগুচ্ছ চমক

জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে ভারত। সেই সিরিজের জন্য ঘোষিত দলেই চমক দিল নির্বাচকরা। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন ঋষভ পন্থ। তাঁকে টেস্ট দলের সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওয়ানডে দলেও জায়গা হয়নি তাঁর। অন্যদিকে রবীন্দ্র জাদেজাকে দুই ফরম্যাট থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানানো হলেও, বিশেষ করে ওয়ানডে দল থেকে তাঁর বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠছে।

জশপ্রীত বুমরাহকে অবশ্য সত্যিই বিশ্রাম দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই টানা ক্রিকেট খেলছেন তিনি। এছাড়া ৬ থেকে ১০ জুনের মধ্যে অনুষ্ঠিত টেস্ট ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় পড়ছে না। টেস্ট দলের নতুন সহ-অধিনায়ক হয়েছেন কেএল রাহুল। সাম্প্রতিক খারাপ ফর্মের কারণে ঋষভ পন্থের কাছ থেকে দায়িত্ব কেড়ে নেওয়া হতে পারে, এমন জল্পনা আগেই ছিল। দলে সুযোগ পেয়েছেন মানব সুথার, গুর্নুর ব্রার ও হর্ষ দুবের মতো তরুণরা। তবে সম্ভাবনা জাগিয়েও দলে জায়গা হয়নি আকিব নবির।

ওয়ানডে দলে তিন বছর পর প্রত্যাবর্তন ঘটেছে ঈশান কিষানের। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফের জাতীয় দলে ডাক পেলেন তিনি। অন্যদিকে বাদ পড়লেন ঋষভ পন্থ। সঞ্জু স্যামসনের ভাগ্যও এবার ফেরেনি। রোহিত শর্মাকে রাখা হবে কি না, তা নিয়ে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত দলে রাখা হয়েছে তাঁকে। যদিও রোহিত ও হার্দিক পাণ্ডিয়ার খেলা নির্ভর করবে তাঁদের ফিটনেসের উপর। বিরাট কোহলিও রয়েছেন দলে। এছাড়া তরুণ ক্রিকেটার প্রিন্স যাদব ও হর্ষ দুবেও সুযোগ পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। ১৪, ১৭ ও ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলবে ভারত।

দুই ফরম্যাটেই অধিনায়কত্ব করবেন শুভমান গিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন তিনি। পরে গুয়াহাটির ম্যাচে খেলেননি। দেশের হয়ে চলতি বছরের জানুয়ারিতে শেষ ওয়ানডে খেলেছিলেন জাদেজা। তাই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। যদিও টেস্টে তিনি ভালো ছন্দে ছিলেন, ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে খুব একটা সফল নন। এদিকে আবারও উপেক্ষিত রইলেন মহম্মদ শামি।

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ওয়ানডে দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঈশান কিষান, হার্দিক পাণ্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুর্নুর ব্রার এবং হর্ষ দুবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.