ক্রাইম

ত্রিকোণ প্রেমের জেরে নিউ মার্কেটে নৃশংস খু*ন, গ্রেপ্তার অভিযুক্ত শশী তেওয়ারি

কলকাতার নিউ মার্কেট এলাকায় ত্রিকোণ প্রেমের জেরে নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে অমিয় হাজরা লেনের একটি মুদিখানার দোকানে ঢুকে ১৭ বছরের কিশোর দীপক গুপ্তকে গলায় একাধিকবার ছুরি মারে অভিযুক্ত শশী তেওয়ারি। গুরুতর জখম অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচারের সময়ই মৃত্যু হয় দীপকের।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক তরুণীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দীপক ও শশীর মধ্যে বিবাদ চলছিল। তদন্তকারীদের দাবি, ওই তরুণীর সঙ্গে দীপকের ঘনিষ্ঠতা মেনে নিতে পারছিল না শশী। এমনকি তাকে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, ঘটনার আগের দিন বন্ধু ও ওই তরুণীর সঙ্গে নিকো পার্ক ওয়াটার পার্কে ঘুরতে গিয়েছিল দীপক। সেই ঘটনাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্ত।

ঘটনার পর থেকেই পলাতক ছিল শশী। তবে বিকেলে তাকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানার পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে তোলা হবে। এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.