মালদা: কালিয়াচকের যদুপুরের পর এবার মোজমপুরেও কড়া বার্তা দিল পুলিশ। দীর্ঘদিন ধরে অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত সারিউল শেখকে কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে নিয়ে ঘোরানো হয়। বৃহস্পতিবার কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে এই পদক্ষেপ ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সারিউল শেখের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মারপিট, দুষ্কৃতী কার্যকলাপ এবং মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তদন্তের স্বার্থে এবং এলাকায় পুলিশের উপস্থিতি ও কড়া অবস্থানের বার্তা দিতে তাকে তার প্রভাব বিস্তারের এলাকায় নিয়ে যাওয়া হয়।
মোজমপুর দীর্ঘদিন ধরেই খুন, সংঘর্ষ ও মাদক কারবারের ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এসেছে। যদিও সাম্প্রতিক সময়ে খুনোখুনির ঘটনা কিছুটা কমেছে, তবুও মাদক পাচার এবং অপরাধচক্রের সক্রিয়তা নিয়ে উদ্বেগ রয়েই গিয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে এলাকায় প্রভাবশালী মহলের অবস্থানও বদলেছে, যার সুযোগ নিয়ে অপরাধচক্র দীর্ঘদিন সক্রিয় ছিল।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সাম্প্রতিক সময়ে দাগি দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। তাঁদের আশা, অপরাধচক্রের বিরুদ্ধে এই ধরনের কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকলে এলাকায় স্থায়ীভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
তবে ঘটনাটি নিয়ে মানবাধিকার এবং আইনি প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।







