বুধবার দুপুরে আচমকাই টলিউডে নেমে আসে শোকের ছায়া। পরিচালক অনীক দত্তর মৃত্যুসংবাদে স্তব্ধ বাংলা চলচ্চিত্র মহল। প্রথমে জানা যায়, বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন তিনি। পরে সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে এই তীব্র গরমের দুপুরে তিনি কেন ছাদে গিয়েছিলেন এবং কীভাবে চারতলা থেকে নিচে পড়লেন, তা নিয়ে শুরু থেকেই একাধিক প্রশ্ন উঠতে থাকে।
এরই মাঝে গড়িয়াহাটের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, সেখানে লেখা রয়েছে— “এই ঘটনার জন্য কেউ দায়ী নয়।” প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। যদিও ওই চিরকুটের হাতের লেখা সত্যিই পরিচালকের কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার রহস্য ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।
ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন অনীক দত্ত। ফুসফুস ও স্নায়ুর জটিলতার পাশাপাশি মানসিক অবসাদও তাঁকে গ্রাস করেছিল বলে দাবি ঘনিষ্ঠ মহলের। অতীতে বাড়ির ভিতরেও কয়েকবার পড়ে যাওয়ার ঘটনাও নাকি ঘটেছিল।
পরিচালকের আকস্মিক মৃত্যুসংবাদ পেয়ে হাসপাতালে পৌঁছে যান অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, জীতু কমল-সহ বহু তারকা। আবির বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। আমি এখনই হাসপাতালে যাচ্ছি।” শোকাহত শ্রীলেখা মিত্রও কান্নাভেজা গলায় জানান, তিনিও হাসপাতালে রওনা হয়েছেন। অভিনেতা বাদশা মৈত্র বলেন, “ব্যক্তি এবং পরিচালক— দু’দিক থেকেই উনি অসাধারণ মানুষ ছিলেন। এই ক্ষতি বাংলা সিনেমার জন্য বড় ধাক্কা।”
জানা গিয়েছে, ময়নাতদন্তের জন্য অনীক দত্তর দেহ এসএসকেএম হাসপাতালে পাঠানো হবে। এদিকে হাসপাতালে পৌঁছেছেন বিদীপ্তা, সুদীপ্তা চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, মহম্মদ সেলিম, শতরূপ ঘোষ-সহ আরও অনেকে।
২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে বাংলা সিনেমায় বিশেষ পরিচিতি পান অনীক দত্ত। ভৌতিক গল্পের আড়ালে রাজনৈতিক ও সামাজিক ব্যঙ্গ মিশিয়ে তিনি তৈরি করেছিলেন এক অনন্য ধারা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।
বুধবার দুপুরে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন পরিচালক। পরে তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছেছে গড়িয়াহাট থানার পুলিশ ও হোমিসাইড শাখার আধিকারিকরা। বাড়ির নিচের অংশ ঘিরে রাখা হয়েছে, এলাকায় ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।







